দেশে আসছে লিমনের মরদেহ, বৃষ্টির জানাজা ৬ মে
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩ মে ২০২৬, ১৩:০০
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে আনা হচ্ছে। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস আজ রোববার (৩ মে) এ তথ্য জানিয়েছে।
দূতাবাস জানায়, ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শনিবার (স্থানীয় সময়) রাত ৮টা ৫০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লিমনের মরদেহ বাংলাদেশের উদ্দেশে পাঠানো হয়। দুবাই হয়ে ফ্লাইটটি সোমবার (৪ মে) সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
এছাড়া একই ঘটনায় নিহত আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে। আগামী ৬ মে দুপুর ২টায় টাম্পায় তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। পুরো বিষয়টি মিয়ামি কনস্যুলেটের মাধ্যমে সমন্বয় করছে ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস।
এর আগে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার ডক্টরাল শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি গত ১৬ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন। প্রায় ১০ দিন পর ২৪ এপ্রিল জামিল আহমেদ লিমনের মরদেহ উদ্ধার করে পুলিশ।
লিমন ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। অন্যদিকে একই বিশ্ববিদ্যালয়ের পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ গত রোববার ফ্লোরিডার আই-২৭৫ ও ফোর্থ স্ট্রিট নর্থ সংলগ্ন জলাশয় থেকে উদ্ধার করা হয়।
ঘটনাটি নিয়ে স্থানীয় কর্তৃপক্ষ তদন্ত চালিয়ে যাচ্ছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।