ট্রেন যোগাযোগ ব্যবস্থাকে আধুনিক ও গতিশীল করতে ঢাকা-সিলেট রেলপথে ডাবল লাইন স্থাপনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (২ মে) দুপুরে সিলেট সিটি করপোরেশনের নগর ভবন প্রাঙ্গণে আয়োজিত এক সুধী সমাবেশে তিনি এ ঘোষণা দেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই রেলপথে ডাবল লাইন চালু হলে যাতায়াত হবে আরও দ্রুত, নিরাপদ ও আরামদায়ক। এতে ঢাকা ও সিলেটের মধ্যে যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি আসবে।
সিলেট নগরীর উন্নয়ন প্রসঙ্গে তিনি জানান, সুরমা নদীর তীরে যে বন্যা প্রতিরোধী ও সৌন্দর্যবর্ধন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে, তা বাস্তবায়িত হলে নগরীর জলাবদ্ধতা অনেকাংশে কমে আসবে। এই প্রকল্প নগরবাসীকে দীর্ঘদিনের জলজট ও বন্যা দুর্ভোগ থেকে মুক্তি দেবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এ সময় প্রধানমন্ত্রী আরও বলেন, সিলেট অঞ্চলের সার্বিক উন্নয়নে সরকার বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে। ঢাকা-সিলেট মহাসড়কসহ সড়ক অবকাঠামোর উন্নয়ন, কৃষিখাতে অগ্রগতি, পরিবেশ রক্ষায় খাল খনন এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নে কাজ চলছে।
এর আগে সকালে তিনি হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন এবং সুরমা নদীর তীরে গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।