ভারতীয় ভিসা চালুতে সুখবর, স্বাভাবিক হচ্ছে দুই দেশের যোগাযোগ

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৩ মে ২০২৬, ১৪:২৬

ছবি: সংগৃহীত

দীর্ঘ অস্থিরতার পর অবশেষে বাংলাদেশ ও ভারতের মধ্যে ভিসা কার্যক্রম স্বাভাবিক হওয়ার পথে বড় অগ্রগতি দেখা যাচ্ছে। দ্বিপক্ষীয় সম্পর্ক পুনরুদ্ধারের অংশ হিসেবে দুই দেশই ধীরে ধীরে পূর্ণাঙ্গ ভিসা কার্যক্রম চালুর উদ্যোগ নিয়েছে।

বাংলাদেশ ইতোমধ্যে সব ধরনের ক্যাটাগরিতে ভারতীয় নাগরিকদের জন্য ভিসা কার্যক্রম চালু করেছে। এর বিপরীতে ভারতও আগামী কয়েক সপ্তাহের মধ্যে পর্যায়ক্রমে পূর্ণাঙ্গ ভিসা কার্যক্রম পুনরায় চালু করার পরিকল্পনা করছে।

কূটনৈতিক সূত্র জানায়, বর্তমানে ভারতে বাংলাদেশের ভিসা সেন্টারগুলো, নয়াদিল্লির হাইকমিশনসহ কলকাতা, আগরতলা, মুম্বাই ও চেন্নাইয়ের কনস্যুলার বিভাগ, পূর্ণমাত্রায় কার্যক্রম পরিচালনা করছে। একই ধরনের পদক্ষেপ নিতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা।

বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ জানিয়েছেন, নিরাপত্তাজনিত কারণে গত বছরের ডিসেম্বরে কিছু ভিসা কেন্দ্র সাময়িকভাবে বন্ধ থাকলেও ফেব্রুয়ারিতে সেগুলো আবার চালু করা হয়।

অন্যদিকে, ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা সেবা এখনো সীমিত আকারে চালু রয়েছে, যা আগের তুলনায় প্রায় ১৫ থেকে ২০ শতাংশ সক্ষমতায় পরিচালিত হচ্ছে। তবে চিকিৎসা ও জরুরি পারিবারিক ভিসাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

সংশ্লিষ্টরা বলছেন, নতুন ভারতীয় হাইকমিশনার দায়িত্ব নেওয়ার পর ভিসা কার্যক্রম আরও দ্রুত স্বাভাবিক হতে পারে।

দুই দেশের সম্পর্ক উন্নয়নের এই ধারাবাহিকতায় ভবিষ্যতে বাণিজ্য, জ্বালানি ও অন্যান্য খাতে সহযোগিতা বাড়ার সম্ভাবনাও তৈরি হয়েছে। একই সঙ্গে উচ্চপর্যায়ের রাজনৈতিক যোগাযোগও জোরদার হতে পারে।

পরিসংখ্যান বলছে, ২০২৩ সালে ২১ লাখের বেশি বাংলাদেশি ভারত সফর করলেও ২০২৫ সালে রাজনৈতিক টানাপোড়েন ও ভিসা সীমাবদ্ধতার কারণে তা নেমে আসে প্রায় সাড়ে ৪ লাখে। ফলে ভিসা কার্যক্রম পুরোপুরি চালু হলে পর্যটন ও চিকিৎসা খাতে আবারও গতি ফিরবে বলে আশা করা হচ্ছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top