দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রে নিহত লিমনের মরদেহ

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৪ মে ২০২৬, ১১:৪৬

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে পৌঁছেছে। সোমবার (৪ মে) সকাল ৮টা ৪৭ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার মরদেহবাহী উড়োজাহাজ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস জানায়, স্থানীয় সময় শনিবার রাত ৮টা ৫০ মিনিটে ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তার মরদেহ দেশে পাঠানো হয়। এর আগে বৃহস্পতিবার টাম্পা বে এলাকায় একটি ইসলামিক সমিতিতে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন।

গত ১৬ এপ্রিল সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ হন। আট দিন পর ২৪ এপ্রিল লিমনের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্ত শেষে ৩০ এপ্রিল বৃষ্টির মরদেহ শনাক্ত করা হয়।

এ ঘটনায় লিমনের রুমমেট মার্কিন নাগরিক হিশাম আবুঘরবেহকে গ্রেপ্তার করেছে পুলিশ। হিলসবরো কাউন্টি আদালতে দাখিল করা নথিতে বলা হয়েছে, ধারালো অস্ত্রের একাধিক আঘাতে লিমনকে হত্যা করা হয়েছে। তার বিরুদ্ধে পরিকল্পিত হত্যার দুটি অভিযোগ আনা হয়েছে।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, জিজ্ঞাসাবাদের পর ফ্লোরিডার হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজ এলাকায় আবর্জনার ব্যাগের মধ্যে লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। আদালতের নথি অনুযায়ী, তার শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল।

অন্যদিকে, নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে। আগামী বুধবার যুক্তরাষ্ট্রে তার জানাজা শেষে মরদেহ বাংলাদেশে পাঠানো হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস ও মিয়ামির বাংলাদেশ কনস্যুলেট যৌথভাবে কাজ করছে।

লিমন সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ে ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয় এবং বৃষ্টি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি করছিলেন। পুলিশ জানিয়েছে, পুরো ঘটনার তদন্ত চলমান রয়েছে এবং অভিযুক্তের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া অব্যাহত আছে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top