ফরিদপুরে বিএনপি প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩ ফেব্রুয়ারী ২০২৬, ১৪:০২
ফরিদপুর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফের নির্বাচনী প্রচার ক্যাম্পে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোরে সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের মৃগী এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে কেউ নির্বাচনী ক্যাম্পে আগুন লাগিয়ে দেয়। এতে একটি বড় নির্বাচনী ব্যানার, একটি টেবিল এবং ডেকোরেটরের কিছু কাপড় পুড়ে যায়। ভোরে আগুনের ধোঁয়া দেখতে পেয়ে স্থানীয়রা আতঙ্কিত হন।
কানাইপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি রাজা শেখ বলেন, ফজরের নামাজ শেষে মৃগী আঙ্গিনা মসজিদ থেকে বের হয়ে তিনি ক্যাম্পে আগুন জ্বলতে দেখেন। এরপর দ্রুত স্থানীয়দের খবর দেন। এলাকার লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তিনি জানান, সময়মতো আগুন না নেভানো হলে আশপাশের দোকান ও স্থাপনায় আগুন ছড়িয়ে যেতে পারত।
বিএনপির স্থানীয় নেতাকর্মীরা ঘটনাটি পরিকল্পিতভাবে নির্বাচনী পরিবেশ অশান্ত করার চেষ্টার অংশ হিসেবে উল্লেখ করে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
ফরিদপুর সদরের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেশকাতুল জান্নাত রাবেয়া জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আশেপাশের সিসি ক্যামেরার ফুটেজ পুলিশকে দেওয়া হয়েছে এবং তদন্তের মাধ্যমে অগ্নিসংযোগকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। তিনি আরও বলেন, নির্বাচনকালীন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।