রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ মাঘ ১৪৩২

জামায়াত প্রার্থী রেজাউল করিমকে ইসির সতর্কবার্তা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৩:৫৯

সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় লক্ষ্মীপুর-৩ আসনের জামায়াত প্রার্থী রেজাউল করিমকে সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে ভবিষ্যতে পুনরায় আচরণবিধি ভঙ্গ করলে তার প্রার্থিতা বাতিলসহ আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও জানানো হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব (আইন-১) মোহাম্মদ দিদার হোসাইন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

রেজাউল করিম ঢাকা মহানগরী উত্তর জামায়াতের সেক্রেটারি এবং লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের বাসিন্দা।

ইসির চিঠিতে উল্লেখ করা হয়, নির্ধারিত সময়ের আগেই নির্বাচনি প্রচারণা চালানো, ভোটারকে নগদ অর্থ প্রদান এবং ঘর নির্মাণ করে দেওয়ার আশ্বাস দিয়ে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট চাওয়ার অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এসব কর্মকাণ্ড সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর সুস্পষ্ট লঙ্ঘন।

চিঠিতে আরও বলা হয়, গত ৯ জানুয়ারি লক্ষ্মীপুর-৩ সংসদীয় আসনের ৮ নম্বর ওয়ার্ডের একাডেমি রোড এলাকায় মাহফুজা খাতুন (৮৫) নামে এক নারীকে নগদ অর্থ প্রদান এবং ঘর নির্মাণের প্রতিশ্রুতি দিয়ে ভোট চান জামায়াত প্রার্থী রেজাউল করিম। এ ঘটনায় একই আসনের বিএনপি প্রার্থীর প্রধান নির্বাচনি সমন্বয়ক ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি ‘ইলেক্টোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’র কাছে লিখিত অভিযোগ করেন।

পরবর্তীতে তদন্ত কমিটি অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়ে ২৭ জানুয়ারি নির্বাচন কমিশনে প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদনের আলোকে নির্বাচন কমিশন জানায়, রেজাউল করিমের এসব কর্মকাণ্ড আচরণ বিধিমালার ৪(১) ও ১৮ ধারার লঙ্ঘন।

সতর্কবার্তায় নির্বাচন কমিশন স্পষ্ট করে জানায়, ভবিষ্যতে পুনরায় আচরণবিধি লঙ্ঘন করলে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), ১৯৭২-এর ৯১ক (৬গ) ধারায় জরিমানা আরোপ কিংবা প্রার্থিতা বাতিলের মতো কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে।

এ বিষয়ে বক্তব্য জানতে লক্ষ্মীপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা এসএম মেহেদী হাসান এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top