শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৫ মাঘ ১৪৩২

একটি দল পরিকল্পিতভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের প্রস্তুতি নিচ্ছে: মাহদী আমিন

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৪:৩১

ছবি: সংগৃহীত

বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন অভিযোগ করেছেন, একটি রাজনৈতিক দল পরিকল্পিতভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের প্রস্তুতি নিচ্ছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মাহদী আমিন বলেন, লক্ষ্মীপুরে একটি রাজনৈতিক দলের নেতাদের মাধ্যমে ভোটের সিল তৈরির ঘটনা এই ষড়যন্ত্রের স্পষ্ট প্রমাণ। পাশাপাশি বিভিন্ন এলাকা থেকে তথ্য পাওয়া যাচ্ছে যে, ধর্মীয় অনুভূতির অপব্যবহার করে জাল ভোট দেওয়ার উদ্দেশ্যে বিপুলসংখ্যক বোরখা ও নিকাব প্রস্তুত করা হয়েছে।

তিনি জানান, লক্ষ্মীপুরে নির্বাচনে ব্যবহারের জন্য তৈরি ছয়টি অবৈধ সিল উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার হওয়া একটি প্রিন্টিং প্রেসের মালিক আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ওই জবানবন্দিতে তিনি উল্লেখ করেন, জামায়াতে ইসলামীর একজন নেতার নির্দেশে এসব সিল তৈরি করা হয়। এ সংক্রান্ত হোয়াটসঅ্যাপ বার্তা, জব্দকৃত আলামত এবং সংশ্লিষ্ট প্রার্থীর সঙ্গে সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণও তদন্তে উঠে এসেছে বলে দাবি করেন মাহদী আমিন।

তিনি এই ঘটনাকে নির্বাচন প্রভাবিত করার গভীর ষড়যন্ত্র আখ্যা দিয়ে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রতিটি ভোটকেন্দ্রের নারী কক্ষে পর্যাপ্তসংখ্যক নারী পোলিং অফিসার নিয়োগ নিশ্চিত করতে হবে এবং আইন অনুযায়ী ভোটার শনাক্তকরণ কার্যক্রম কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে। ভোটগ্রহণের সময় নারী পোলিং কর্মকর্তার সামনে মুখ খুলে পরিচয় নিশ্চিত করার নির্দেশনা কার্যকর করার ওপরও জোর দেন তিনি।

মাহদী আমিন আরও বলেন, অতীতে ওই রাজনৈতিক দলটি বাড়ি বাড়ি গিয়ে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করেছে, যা জাল ভোটের আশঙ্কাকে আরও বাড়িয়ে তুলেছে। এমনকি অতিরিক্ত ব্যালট ছাপানোর প্রস্তুতির তথ্যও বিএনপি পেয়েছে বলে তিনি দাবি করেন। পুরান ঢাকার সূত্রাপুরে একটি বাড়ি থেকে ক্রিকেট খেলার ১৫২টি স্ট্যাম্প উদ্ধারের ঘটনাও তিনি উল্লেখ করেন এবং বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

নির্বাচনী পর্যবেক্ষক নিয়োগ নিয়েও অসংগতি রয়েছে দাবি করে তিনি বলেন, ‘পিপলস অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট’ (পাশা) নামের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠান এককভাবে ১০ হাজার ৫৫৯ জন পর্যবেক্ষকের অনুমোদন পেয়েছে। অথচ প্রতিষ্ঠানটির কার্যক্রম ও অবকাঠামো নিয়ে গুরুতর প্রশ্ন রয়েছে, যা ইতোমধ্যে গণমাধ্যমে উঠে এসেছে।

তিনি বলেন, পর্যবেক্ষক নিয়োগে পক্ষপাতমূলক আচরণ সুষ্ঠু নির্বাচনকে বাধাগ্রস্ত করছে। তাই একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করতে নির্বাচন কমিশন ও অন্তর্বর্তী সরকারের প্রতি পুনরায় জোর দাবি জানায় বিএনপি।

সংবাদ সম্মেলনে মাহদী আমিন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আসন্ন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন নির্বাচনী আসনে জনসভার কর্মসূচির বিস্তারিতও তুলে ধরেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top