মোবাইল নিষিদ্ধ হলে ক্যামেরা নিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার ডাক পাটওয়ারীর
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৯ ফেব্রুয়ারী ২০২৬, ১৫:৩২
ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে মোবাইল ফোন নিষিদ্ধ করার সিদ্ধান্তকে ‘অগণতান্ত্রিক’ আখ্যা দিয়ে ভোটারদের ক্যামেরা নিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী।
সোমবার (৯ ফেব্রুয়ারি) নির্বাচনী প্রচারণাকালে তিনি বলেন, “মোবাইল যেহেতু নিষিদ্ধ, তাই ভোটারদের বলবো—সনি বা ক্যাননের মতো ক্যামেরা নিয়ে ভোটকেন্দ্রে যাবেন। অনৈতিক কিছু দেখলেই ভিডিও করবেন। নির্বাচন কমিশন এমন অগণতান্ত্রিক সিদ্ধান্ত নিতে পারে না। ইলেকশন ইঞ্জিনিয়ারিং শুরু হয়ে গেছে।”
এর আগে রোববার (৮ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলামের স্বাক্ষরিত এক চিঠিতে সব রিটার্নিং কর্মকর্তাকে জানানো হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, পুলিশ ইনচার্জ এবং ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ ব্যবহারকারী দুজন আনসার সদস্য মোবাইল ফোন বহন করতে পারবেন। তবে সাধারণ ভোটারদের ক্ষেত্রে ৪০০ গজের মধ্যে মোবাইল বহন নিষিদ্ধ থাকবে।
এ বিষয়ে এখনো ‘পুরোপুরি স্পষ্টতা নেই’ বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসউদ। সোমবার একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া ফোনালাপে তিনি বলেন, নিষেধাজ্ঞার আওতায় গণমাধ্যমকর্মীরা পড়লে কমিশন বসে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।
এদিকে মোবাইল ফোন নিষিদ্ধ সংক্রান্ত ইসির প্রজ্ঞাপন বাতিল না হলে আগামীকাল মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি অভিযোগ করেন, কমিশন আবারও ‘জুলাইয়ের মতো অন্ধকার পথে হাঁটছে’ এবং একটি পক্ষ পরাজয়ের আশঙ্কায় ভোট কারচুপির চেষ্টা করছে।
ডা. শফিকুর রহমান বলেন, “যারা চোরাই পথে ক্ষমতায় যেতে চায়, তাদের হুঁশিয়ারি দিচ্ছি—কেউ যদি কেন্দ্র দখলের চেষ্টা করে, আমরা সেই পথ বন্ধ করে দেব। মানুষের রায় ছাড়া যদি কারচুপি করা হয়, দেশে আবারও জুলাই নেমে আসতে পারে।” তবে তিনি বলেন, “আমরা বারবার জুলাই চাই না।”
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।