বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৯ মাঘ ১৪৩২

নির্বাচনে জয় পেলে এককভাবে সরকার গঠন করবে বিএনপি: তারেক রহমান

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৪

ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি ক্ষমতায় এলে এককভাবেই সরকার গঠন করবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলেকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) প্রকাশিত সাক্ষাৎকারে তারেক রহমান বলেন, একটি ভারসাম্যপূর্ণ গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা বজায় রাখতে শক্তিশালী বিরোধী দলের উপস্থিতি অপরিহার্য। সে কারণে সবাইকে নিয়ে সরকার গঠনের পরিবর্তে এককভাবে সরকার গঠন এবং কার্যকর বিরোধী দল থাকা গণতন্ত্রের জন্য বেশি গুরুত্বপূর্ণ।

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরা এবং নির্বাচনের প্রস্তুতির মধ্যেই মাতৃবিয়োগের শোক সামাল দেওয়াকে নিজের জীবনের বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন তিনি। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচন সুষ্ঠু হবে এবং ভোটাররা স্বাধীনভাবে তাদের রায় দিতে পারবেন।

রাজনীতিতে জনসমর্থনের গুরুত্ব তুলে ধরে তারেক রহমান বলেন, জনগণ যাকে গ্রহণ করবে না, তাকে বলপ্রয়োগ করে ক্ষমতায় টিকিয়ে রাখা সম্ভব নয়। ৫ আগস্টের গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তিনি এ মন্তব্য করেন।

নারী উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে মেয়েদের উচ্চশিক্ষা পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার সুযোগ সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি প্রান্তিক গৃহিণীদের স্বাবলম্বী করতে ‘ফ্যামিলি কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হবে। এছাড়া তরুণ, প্রবীণ ও প্রতিবন্ধীসহ সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের জন্য ইশতেহারে বিশেষ কর্মসূচি থাকবে বলে জানান তিনি।

বৈদেশিক সম্পর্কের বিষয়ে তারেক রহমান বলেন, বাংলাদেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়েই অন্য দেশের সঙ্গে সম্পর্ক নির্ধারণ করা হবে। কোনো চুক্তি দেশের স্বার্থবিরোধী হলে সেই দেশের সঙ্গে স্বাভাবিকভাবেই দূরত্ব তৈরি হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

গুম ও খুনের অভিযোগ প্রসঙ্গে বিএনপি চেয়ারম্যান বলেন, একটি সভ্য রাষ্ট্রে এসব ঘটনার বিচার হওয়া জরুরি। ভুক্তভোগী পরিবারগুলোর ন্যায়বিচার নিশ্চিত করা হবে বলেও তিনি আশ্বাস দেন।

দলের কিছু প্রার্থীর বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগের বিষয়ে তারেক রহমান দাবি করেন, রাজনৈতিক প্রতিহিংসা ও ব্যবসায়িক প্রতিবন্ধকতার কারণে অনেকে প্রতিকূল পরিস্থিতিতে পড়েছেন। দুর্নীতির সঙ্গে এসব বিষয়কে এক করে দেখা উচিত নয় উল্লেখ করে তিনি বলেন, দুর্নীতির বিরুদ্ধে বিএনপির অবস্থান ‘জিরো টলারেন্স’।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top