মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৮ মাঘ ১৪৩২

টাকা–উপহার নেবেন, কিন্তু ভোট দেবেন হাঁস মার্কায় : রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : | প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৪

রুমিন ফারহানা।  ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ ও বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা ভোটারদের উদ্দেশে বলেছেন, ভোটের আগে অনেকে টাকা বা উপহার দিয়ে ভোট কেনার চেষ্টা করতে পারে। সেগুলো আপনারা গ্রহণ করবেন, কিন্তু ভোটটা দেবেন হাঁস মার্কায়।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে সরাইল উপজেলার শাহবাজপুর আমিনপাড়ায় আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নির্বাচনী মাঠে অর্থের প্রভাব নিয়ে রুমিন ফারহানা বলেন, যারা টাকা দিয়ে ভোট কিনতে চায়, সেই অর্থ অবৈধ। তাদের টাকা নেবেন, কিন্তু তাদের এই অপরাধের অংশীদার হবেন না। তিনি বলেন, “সবকিছু কেনা গেলেও মানুষের বিবেক কেনা যায় না।”

ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনের দিন সকাল সকাল ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেবেন। লাইনে ভিড় দেখে বিরক্ত হয়ে ফিরে আসবেন না। একটি ভোটও যেন নষ্ট না হয়, কারণ প্রতিটি ভোটই তার কাছে অত্যন্ত মূল্যবান।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিজেকে একা মনে করেন না উল্লেখ করে রুমিন ফারহানা বলেন, “আমার সঙ্গে এই নির্বাচনী এলাকার পাঁচ লাখ ভাই-বোন রয়েছেন। ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত কেউ কেন্দ্র ছেড়ে যাবেন না।”

নিজের নির্বাচনী প্রতীক সম্পর্কে তিনি বলেন, হাঁস মার্কা হলো চাঁদাবাজি, দাপট এবং হয়রানিমূলক মামলাবাজির বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক। বড় দলের অত্যাচার থেকে মুক্তি পেতে এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় হাঁস মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top