দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদ ইসলামের প্রার্থিতা বাতিল চেয়ে রিট
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৯ ফেব্রুয়ারী ২০২৬, ১৭:৩৫
দ্বৈত নাগরিকত্বের অভিযোগে ১১ দলীয় জোট মনোনীত ঢাকা-১১ আসনের এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলামের প্রার্থিতা বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। জাতীয় পার্টির প্রার্থী শামীম আহমেদ আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) এ রিট দায়ের করেন।
রিটে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), নির্বাচন কমিশন সচিব, সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার এবং মো. নাহিদ ইসলামকে বিবাদী করা হয়েছে।
রিট আবেদনে উল্লেখ করা হয়, নাহিদ ইসলাম ২০২৫ সালের ২০ এপ্রিল কমনওয়েল্থ অব ডোমিনিকার নাগরিকত্ব গ্রহণ করেন। অথচ নির্বাচনি হলফনামায় তিনি এ তথ্য গোপন করেছেন, যা সংবিধানের ৬৬ অনুচ্ছেদ (২)-এর (গ) উপধারার সরাসরি লঙ্ঘন। ওই অনুচ্ছেদ অনুযায়ী দ্বৈত নাগরিক হলে সংসদ সদস্য পদে নির্বাচনের অযোগ্য বলে আবেদনে দাবি করা হয়।
রিটকারীর আইনজীবী বলেন, শামীম আহমেদ ঢাকা-১১ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী। তিনি নাহিদ ইসলামের বিরুদ্ধে রিট পিটিশন দায়ের করেছেন এই অভিযোগে যে, নাহিদ ইসলাম উপদেষ্টা পরিষদের দায়িত্ব গ্রহণের পর রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে অতি স্বল্প সময়ে ডোমিনিকার নাগরিকত্ব গ্রহণ করেন। বিষয়টি তিনি ইচ্ছাকৃতভাবে হলফনামায় গোপন রেখেছেন।
আইনজীবী আরও জানান, রিটটি গতকাল রোববার (৮ ফেব্রুয়ারি) দাখিল করা হয়েছে এবং বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের বেঞ্চে আগামীকাল শুনানি হতে পারে।
উল্লেখ্য, ঢাকা-১১ সংসদীয় আসনটি গুলশান ও সবুজবাগ এলাকার মোট ২১টি ওয়ার্ড নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩৯ হাজার ৭৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২২ হাজার ৮৭৭ জন, নারী ভোটার ২ লাখ ১৬ হাজার ১৯৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩ জন।
এই আসনে প্রার্থীর তালিকায় রয়েছেন বিএনপির এম.এ. কাইয়ুম, এনসিপির মো. নাহিদ ইসলাম, স্বতন্ত্র প্রার্থী কহিনূর আক্তার বীথি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের কাজী মো. শহীদুল্লাহ, গণফোরামের মো. আবদুল কাদের, গণঅধিকার পরিষদের মো. আরিফুর রহমান, বাংলাদেশ রিপাবলিকান পার্টির মো. জাকির হোসেন, ন্যাশনাল পিপলস পার্টির মো. মিজানুর রহমান, জাতীয় পার্টির শামীম আহমেদ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের শেখ মো. ফজলে বারী মাসউদ।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।