শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২

শিক্ষার্থীদের অনশনের মাধ্যমে হত্যা করে লাশের রাজনীতি করতে চায় বিরোধীদল: রাশেদ খাঁন

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৬, ১৫:৪১

ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের অনশনে বসিয়ে ‘লাশের রাজনীতি’ করার চেষ্টা করছে বিরোধী শিবির এমন অভিযোগ করেছেন বিএনপির নেতা রাশেদ খান। একই সঙ্গে তিনি বলেছেন, উপনির্বাচনে কারচুপির অভিযোগ তুললেও এখনো পর্যন্ত তার কোনো প্রমাণ দেখাতে পারেনি বিরোধীরা।

শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্টে এসব কথা বলেন তিনি।

রাশেদ খান বলেন, শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের উপনির্বাচন নিয়ে বিরোধী পক্ষ থেকে কারচুপির অভিযোগ তোলা হচ্ছে। তবে এখনো পর্যন্ত সেই অভিযোগের কোনো নির্দিষ্ট উদাহরণ তারা দেখাতে পারেনি। এমনকি গণমাধ্যমেও এ সংক্রান্ত কোনো খবর প্রকাশ পায়নি।

তিনি আরও বলেন, যদি বিরোধীদলের রাজনীতি কেবলমাত্র বিরোধিতার মধ্যেই সীমাবদ্ধ থাকে, তাহলে দেশ কখনোই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে না।

অনশনের প্রসঙ্গ টেনে বিএনপির এই নেতা বলেন, রাজু ভাস্কর্যে কয়েকজন শিক্ষার্থীকে অনশনে বসানো হয়েছে এবং হুমকি দেওয়া হচ্ছে—তাদের কেউ মারা গেলে সরকারকে দায় নিতে হবে। এতে প্রশ্ন উঠছে, পরিকল্পিতভাবে শিক্ষার্থীদের অনশনের মাধ্যমে মৃত্যুর দিকে ঠেলে দিয়ে সরকারের বিরুদ্ধে ‘লাশের রাজনীতি’ করার চেষ্টা হচ্ছে কি না।

রাশেদ খান আরও বলেন, গণঅভ্যুত্থানের পর থেকেই জামায়াতের পক্ষ থেকে এক ধরনের হুমকি দেওয়া হচ্ছিল এক ফ্যাসিবাদ সরিয়ে আরেক ফ্যাসিবাদকে ক্ষমতায় বসতে দেওয়া হবে না। তার মতে, এর মধ্য দিয়েই বোঝা যায়, বিএনপিকে সরিয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে দলটি।

তিনি বলেন, এমন পথে ক্ষমতায় যাওয়া সহজ নয়। অন্তর্বর্তীকালীন সরকারের সময়েও সে ধরনের চেষ্টা করা হয়েছিল, কিন্তু সফল হয়নি।

রাশেদ খান মনে করেন, ভোটের মাধ্যমেই ক্ষমতায় যাওয়ার চিন্তা করা উচিত। তিনি বলেন, গণঅভ্যুত্থানে বিএনপি ও জামায়াত উভয়ই ছিল একই পক্ষের শক্তি। তাই একে অপরকে সরিয়ে ক্ষমতায় যাওয়া বা টিকে থাকা সহজ হবে না।

শেষে তিনি বলেন, মুখোমুখি অবস্থান নিয়ে রাজনীতি করলে দেশ পিছিয়ে পড়বে এবং সুযোগ নেবে উভয় দলের অভিন্ন প্রতিপক্ষ। তাই সহনশীল ও দায়িত্বশীল রাজনীতিই দেশের অগ্রগতির একমাত্র পথ।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top