রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২

আ.লীগের সঙ্গে অলিখিত চুক্তির কারণে দাগি আসামিরা জামিন পাচ্ছে: সারজিস

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৬, ২০:৪৭

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে অলিখিত সমঝোতার কারণেই দাগি আসামিরা একের পর এক জামিন পাচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম।

রোববার দুপুরে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ অভিযোগ তোলেন।

সারজিস আলম বলেন, বাস্তবতা হলো বিএনপি ক্ষমতায় এসেছে আওয়ামী লীগের ভোটের মাধ্যমেই। তাদের মধ্যে একটি অলিখিত সমঝোতা ছিল, যা এখন নানা ঘটনার মাধ্যমে প্রকাশ পাচ্ছে। এমনকি দেশের বাইরে অবস্থান করেও আওয়ামী লীগের নেতারা এসব বিষয়ে ইঙ্গিত দিচ্ছেন বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, নতুন সরকার গঠনের পর দেখা যাচ্ছে, সেই গোপন সমঝোতার ফলেই অভ্যুত্থানের সময় যোদ্ধাদের ওপর হামলাকারী এবং শহীদদের হত্যার সঙ্গে জড়িত অনেক দাগি আসামি এখন জামিন পাচ্ছে।

সংসদে বাতিল হওয়া ২০টি অধ্যাদেশকে কণ্ঠভোটে পাস হওয়া ১১৩টি অধ্যাদেশের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, বিএনপি অতীতে যে সংস্কার ও প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতার দাবি জানিয়েছিল, ক্ষমতায় এসেই তারা সেই প্রতিষ্ঠানগুলো নিজেদের নিয়ন্ত্রণে নিতে চাচ্ছে।

তার অভিযোগ, এ কারণেই গুম সংক্রান্ত অধ্যাদেশ, দুর্নীতি দমন কমিশন, মানবাধিকার কমিশন ও বিচার বিভাগের স্বাধীনতা সংক্রান্ত অধ্যাদেশ বাতিল করা হয়েছে।

সারজিস আলম বলেন, অভ্যুত্থানের সময় আহত যোদ্ধাদের ওপর যারা হামলা চালিয়েছিল, তারা এখন আবার বিভিন্ন এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং শহীদ পরিবার ও যোদ্ধাদের হুমকি দিচ্ছে। এতে তারা চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।

বিএনপির উদ্দেশে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বিরোধী দলকে দমন করে সংসদীয় স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা করলে তার পরিণতি ভালো হবে না।

এসময় তিনি অভিযোগ করেন, সরকারি দল শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে বিভাজনের চেষ্টা করছে। এ ধরনের প্রলোভনে পা না দিয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

শেষে তিনি বলেন, কোনো রাজনৈতিক দলের ব্যানারে নয়, বরং যে লক্ষ্য ও আকাঙ্ক্ষা নিয়ে মানুষ জীবন দিয়েছে, সেই আদর্শের পক্ষে থাকার আহ্বান জানাতে হবে। প্রয়োজনে যে কেউ সত্যের পক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেবে এটাই হওয়া উচিত সবার পথ।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top