রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২

‘আমিও গুমের শিকার, গুম কমিশন এমনভাবে করব যাতে ন্যায়বিচার আসে’

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৬, ২০:০৪

ছবি: সংগৃহীত

আমি নিজেও গুমের শিকার বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, গুম সংক্রান্ত কমিশন এমনভাবে গঠন ও পরিচালনা করা হবে যাতে এর কার্যকারিতা ঠিক থাকে এবং গুমের শিকার ব্যক্তিরা ন্যায়বিচার পান।

রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি আরও জানান, জাতীয় মানবাধিকার কমিশন, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ এবং সুপ্রিম কোর্ট সচিবালয় সংক্রান্ত তিনটি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ আরও ভালোভাবে যাচাই-বাছাই করার প্রয়োজন রয়েছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, এসব অধ্যাদেশ যেভাবে আছে সেভাবেই হুবহু আইন হিসেবে গ্রহণ করলে তা সঠিক হবে না। এতে গুম কমিশনকে যে ক্ষমতা দেওয়া হচ্ছে, তাতে প্রকৃত ভুক্তভোগীরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হতে পারেন। তিনি বলেন, তিনি নিজেও গুমের শিকার হয়েছেন।

তিনি আরও বলেন, বিরোধী দল একাধিকবার সংসদ থেকে ওয়াকআউট করেছে, যা তারা নিয়ম অনুযায়ী করতে পারে। তবে যেসব বিষয় নিয়ে তারা আপত্তি তুলেছে, সেগুলো সঠিকভাবে উপস্থাপন করা হয়নি এবং সংসদের বাইরে ভুল তথ্য দেওয়া হয়েছে বলেও তিনি দাবি করেন।

মন্ত্রী জানান, ত্রয়োদশ জাতীয় সংসদে উত্থাপিত মোট ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৯৭টি হুবহু বিল আকারে আইনে পরিণত হয়েছে। এছাড়া ১৩টি সংশোধন করে আইন হয়েছে এবং ৭টি রহিত বা সংরক্ষণ করা হয়েছে। বাকি ১৬টি অধ্যাদেশ বিশেষ কমিটির সুপারিশ অনুযায়ী আরও পর্যালোচনা করা হবে।

তিনি বলেন, সংসদে ৯১টি বিল উত্থাপন করা হয়েছে এবং বাকি ১৬টি বিষয়েও কাজ চলছে। বিরোধী দল বিষয়টি না বুঝেই বিভ্রান্তি ছড়িয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, জুলাই স্মৃতি জাদুঘরের কিউরেটর স্বেচ্ছায় পদত্যাগ না করলে সেখানে দীর্ঘদিন একইভাবে থাকার পরিস্থিতি তৈরি হতো, যা সরকার পরে সংশোধন করেছে। ভবিষ্যতে সংশ্লিষ্ট সব বিষয় অংশীজনদের সঙ্গে আলোচনা করে আরও গ্রহণযোগ্য আইন তৈরি করা হবে বলেও তিনি জানান।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top