রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২

বিয়ের জন্য ‘সুন্দরী নারী’ না দিলে তুর্কি দূতাবাস বন্ধের হুমকি দিলেন উগান্ডার সেনাপ্রধান!

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৬, ২১:০০

ছবি: সংগৃহীত

তুরস্কের কাছে এক বিলিয়ন ডলার এবং দেশটির সবচেয়ে সুন্দরী নারীকে বিয়ের জন্য দাবি করে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন উগান্ডার সেনাপ্রধান মুহুজি কেইনেরুগাবা। এমনকি দাবি পূরণ না হলে তুরস্কের দূতাবাস বন্ধ করে দেওয়ার হুমকিও দিয়েছেন তিনি।

শনিবার (১১ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একাধিক পোস্টে তিনি এ মন্তব্য করেন। এক পোস্টে তিনি অভিযোগ করেন, আঞ্চলিক নিরাপত্তায় উগান্ডার অবদান যথাযথভাবে স্বীকৃতি পায় না। সেই নিরাপত্তা সহযোগিতার বিনিময়ে তুরস্কের কাছ থেকে এক বিলিয়ন ডলার দাবি করেন তিনি। অন্যথায় ৩০ দিনের মধ্যে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার হুমকি দেন।

উগান্ডার সেনাপ্রধান মুহুজি কেইনেরুগাবা দেশটির প্রেসিডেন্ট ইউরি মুসেভিনির ছেলে। দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট মুসেভিনিকে অনেকেই স্বৈরশাসক হিসেবে আখ্যা দিয়ে থাকেন।

সামাজিক মাধ্যমে ধারাবাহিক পোস্টে তিনি আরও বলেন, তুরস্কের সঙ্গে তিনি দ্বন্দ্ব চান না, তবে তাদের টিকে থাকার সম্ভাবনা নেই বলেও মন্তব্য করেন। একই সঙ্গে তিনি দাবি করেন, এক বিলিয়ন ডলারের পাশাপাশি তুরস্কের সবচেয়ে সুন্দরী নারীকে তিনি স্ত্রী হিসেবে চান।

এছাড়া তিনি জানান, এক বছরের মধ্যে তাকে ইস্তাম্বুলে বীর হিসেবে স্বাগত জানানো হবে এবং তিনি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গেও সাক্ষাৎ করবেন।

নির্দিষ্ট সময়ের মধ্যে দাবি পূরণ না হলে উগান্ডার রাজধানীতে অবস্থিত তুরস্কের দূতাবাস বন্ধ করে দেওয়ার হুমকি দেন তিনি। তবে পাল্টা হিসেবে তুরস্ক উগান্ডার দূতাবাস বন্ধ করে দিলেও তাতে কোনো সমস্যা নেই বলেও মন্তব্য করেন সেনাপ্রধান।

পাশাপাশি উগান্ডার নাগরিকদের তুরস্ক ভ্রমণ থেকেও বিরত থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top