বৃহঃস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

সাভারে বিএনপি নেতার কার্যালয়ে হামলা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৬, ১৪:৪৪

সংগৃহীত

ঢাকার সাভারের পৌর এলাকার এক ওয়ার্ড বিএনপি নেতার ব্যক্তিগত কার্যালয়ে দুর্বৃত্তদের হামলা, ভাঙচুরের চেষ্টা এবং গুলি ছোড়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত ১০টার পর রাজাশন মহল্লার ঢালাই মোড় এলাকায় ৮ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা তানভীর বাবুর অফিসে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

সাভার থানার অফিসার ইনচার্জ আরমান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত কয়েকজন দুর্বৃত্ত হঠাৎ করেই অফিসে হামলা চালায় এবং কয়েক রাউন্ড গুলি ছোড়ে। দুটি গুলি অফিসের এসি ইউনিটে বিদ্ধ হয় বলে জানা গেছে। পরে তারা অফিসের শাটার ভাঙার চেষ্টা করে দ্রুত পালিয়ে যায়।

বিএনপি নেতা তানভীর বাবু বলেন, বিদ্যুৎ না থাকায় তিনি ও কয়েকজন নেতা-কর্মী অফিসের বাইরে ছিলেন। এ সময় হঠাৎ হামলা চালিয়ে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা তিনি জানেন না বলে জানান।

পুলিশ জানিয়েছে, মৌখিক অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং হামলাকারীদের শনাক্তে তদন্ত চলছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top