জ্বালানি প্রতিমন্ত্রীকে নিয়ে ভুয়া ফটোকার্ড, থানায় সাধারণ ডায়েরি
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৬, ১৪:৪৮
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অপপ্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় রাজধানীর রমনা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
প্রতিমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মো. শাহীদুল ইসলাম রোববার (১৯ এপ্রিল) বিকেলে এ জিডি দায়ের করেন।
জিডিতে উল্লেখ করা হয়, ‘Gen Z (FS Gaming)’ নামের একটি ফেসবুক গ্রুপ থেকে প্রতিমন্ত্রীর ছবি ব্যবহার করে একটি ভুয়া ফটোকার্ড প্রচার করা হচ্ছে। ওই ফটোকার্ডে তার বরাতে দাবি করা হয়, তিনি নাকি গত রাতে একাধিক জ্বালানি পাম্প পরিদর্শন করেছেন এবং সেখানে কোনো ভিড় বা সংকট দেখেননি।
তবে জিডিতে স্পষ্ট করা হয়েছে, প্রতিমন্ত্রী গত রাতে কোনো পেট্রোল পাম্প পরিদর্শন করেননি এবং এমন কোনো বক্তব্যও তিনি দেননি। বরং তিনি সম্প্রতি চট্টগ্রাম ও মাতারবাড়ীর বিভিন্ন বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো পরিদর্শন শেষে ঢাকায় ফেরেন বলে জানানো হয়।
এতে আরও বলা হয়, বিশ্বব্যাপী জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রতিমন্ত্রী নিয়মিতভাবে কাজ করে যাচ্ছেন। তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করা এবং দেশের জ্বালানি খাতের অগ্রগতিকে প্রশ্নবিদ্ধ করতেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ ধরনের ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে।
জিডিতে সংশ্লিষ্ট ভুয়া তথ্য প্রচারকারীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার অনুরোধ জানানো হয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।