ট্যাক্সমুক্ত গাড়ি বা প্লট সুবিধা নয়, বরং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মতো সংসদ সদস্যদের জন্য সরকারি ব্যবস্থাপনায় গাড়ি ব্যবহারের সুযোগ চান বলে জানিয়েছেন কুমিল্লা–৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।
বুধবার (২২ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনের ১৯তম দিনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, ট্যাক্সমুক্ত গাড়ি বা প্লট সুবিধা গ্রহণের কোনো ইচ্ছা তাদের নেই। তিনি জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), জেলা প্রশাসক, উপজেলা ও পৌর পরিষদের জনপ্রতিনিধিরা যেভাবে সরকারি কাজে সরকারি গাড়ি ব্যবহার করেন, ঠিক একইভাবে সংসদ সদস্যদেরও সরকারি গাড়ি ব্যবহারের সুযোগ থাকা উচিত।
তিনি আরও বলেন, এমপি থাকা অবস্থায় নির্দিষ্ট সময় পর্যন্ত সরকারি মালিকানাধীন গাড়ি ব্যবহার করা যেতে পারে এবং এতে অতিরিক্ত কোনো ব্যয়ও হবে না। বর্তমানে সংসদ সদস্যদের জন্য মাসিক ৭০ হাজার টাকা গাড়ি রক্ষণাবেক্ষণ ভাতা দেওয়া হলেও অনেকের নিজস্ব গাড়ি নেই বলে তিনি উল্লেখ করেন।
এ বিষয়ে তিনি স্পষ্ট করে বলেন, তিনি গতকাল কোনো ট্যাক্সমুক্ত গাড়ি বা প্লট সুবিধা চাননি। সংসদের সিদ্ধান্ত অনুযায়ী এসব সুবিধা গ্রহণ না করার যে সিদ্ধান্ত হয়েছে, তা সবাই মেনে নিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।