শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩

শাহবাগ থানায় উত্তেজনা: ভুয়া সাংবাদিকসহ আটক ২, সংঘর্ষে আহত ডাকসু নেতারা

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৬, ০৯:৩০

ছবি: সংগৃহীত

রাজধানীর শাহবাগ থানায় ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে ভুয়া সাংবাদিক পরিচয়ে থাকা দুইজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা ছাত্রশিবিরের কর্মী বলে অভিযোগ করেছেন ছাত্রদল নেতা-কর্মীরা।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়। পরে তাদের ব্যবহৃত মোবাইল ফোন তল্লাশি করে ছয়টি ফেসবুক আইডির সন্ধান পাওয়া গেছে বলে জানা গেছে।

এর আগে, শাহবাগ এলাকায় ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর দুই নেতা এ বি জুবায়ের ও মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদের ওপর হামলার অভিযোগ ওঠে।

অভিযোগ রয়েছে, থানার ভেতরে আটকে রেখে তাদের বেধড়ক মারধর করা হয়। তবে পরে পুলিশ তাদের নিরাপদে বের করে আনে।

ঘটনাসূত্রে জানা যায়, ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি ও জাইমা রহমানকে কটূক্তির প্রতিবাদে সন্ধ্যায় শাহবাগে অবস্থান নেন ছাত্রদলের নেতা-কর্মীরা। এ সময় জুবায়ের ও মোসাদ্দেকের নেতৃত্বে ছাত্রশিবিরের কর্মীরা সেখানে উপস্থিত হলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

হামলার মুখে ডাকসু নেতা জুবায়ের ও মোসাদ্দেক থানার ভেতরে আশ্রয় নেন। এছাড়া ডাকসুর কার্যনির্বাহী সদস্য সাইয়েদুজ্জামান নূর আলভিও মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানা গেছে।

সুত্র: DU Insiders



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top