শাপলা চত্বরের ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি ডা. শফিকুর রহমানের
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৫ মে ২০২৬, ১৩:২৭
রাজধানীর শাপলা চত্বরের ২০১৩ সালের ৫ মে’র ঘটনাকে কেন্দ্র করে একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়েছেন শফিকুর রহমান। মঙ্গলবার (৫ মে) বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রচার বিভাগের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।
বিবৃতিতে তিনি বলেন, ওই দিনের ঘটনার প্রকৃত সত্য উদঘাটন এবং সংশ্লিষ্টদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে একটি গ্রহণযোগ্য তদন্ত কমিশন গঠন জরুরি। তিনি এ ঘটনাকে দেশের ইতিহাসে “বেদনাবিধুর ও কলঙ্কজনক অধ্যায়” হিসেবে উল্লেখ করেন।
২০১৩ সালের শাপলা চত্বর অভিযানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সেদিন ধর্মপ্রাণ তাওহিদী জনতার ওপর পরিচালিত অভিযান জাতির বিবেককে নাড়া দিয়েছিল। এ ধরনের ঘটনা মানবতা, ন্যায়বিচার এবং গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থি বলেও তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, দীর্ঘ সময় অতিবাহিত হলেও এখনো এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার সম্পন্ন হয়নি, যা অত্যন্ত দুঃখজনক। এর ফলে ভুক্তভোগী পরিবারগুলো ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে এবং জনমনে হতাশা ও ক্ষোভ তৈরি হচ্ছে।
বিবৃতিতে বিচারহীনতার সংস্কৃতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, একটি সভ্য রাষ্ট্রে এমন পরিস্থিতি কাম্য নয়। একইসঙ্গে তিনি জোর দিয়ে বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে শান্তিপূর্ণ সমাবেশ ও মতপ্রকাশের অধিকার সাংবিধানিকভাবে স্বীকৃত— সেই অধিকার দমনে শক্তি প্রয়োগ কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।
এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সত্য উদঘাটন এবং দায়ীদের আইনের আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বিবৃতির শেষাংশে তিনি দেশবাসীর প্রতি শান্তি, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।