বাংলাদেশে রমজানের চাঁদ দেখা গেছে, বৃহস্পতিবার থেকে প্রথম রোজা
ধর্ম ডেস্ক | প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৯:০৩
বাংলাদেশের আকাশে ১৪৪৭ হিজরির পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে দেশে প্রথম রোজা শুরু হচ্ছে। আজ এশার নামাজের পর ধর্মপ্রাণ মুসল্লিরা তারাবির নামাজ আদায় করবেন এবং ভোরে সেহরি খেয়ে প্রথম রোজা পালন করবেন।
বুধবার সন্ধ্যায় দেশের বিভিন্ন স্থানে রমজানের চাঁদ দেখার খবর জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। চাঁদ দেখার মধ্য দিয়ে রহমত, মাগফেরাত ও নাজাতের মাস পবিত্র রমজানের সূচনা হলো। দেশের মসজিদগুলোতে ইতোমধ্যে উৎসবমুখর পরিবেশে তারাবির প্রস্তুতি নেওয়া হয়েছে।
ইসলাম ধর্মের প্রবর্তক মহানবী মুহাম্মদ (সা.) চাঁদ দেখে রমজান শুরু এবং ঈদুল ফিতর উদযাপনের নির্দেশনা দিয়েছেন। রমজান মাসকে আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের মাস হিসেবে বিবেচনা করা হয়।
পবিত্র কোরআনে বলা হয়েছে, “হে বিশ্বাসীগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো।”
রমজান মাসের অন্যতম প্রধান ইবাদত হলো রোজা। শরিয়তের পরিভাষায়, সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার, যৌনকর্ম এবং আল্লাহ ও তাঁর রাসুলের নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকাই রোজা।
রমজানের শেষ দশ দিন ইতেকাফ করা সুন্নত। এ সময়ের মধ্যেই রয়েছে মহিমান্বিত ‘লাইলাতুল কদর’। অনেকের মতে, ২৭তম রাত শবে কদর হওয়ার সম্ভাবনা বেশি; তবে হাদিস অনুযায়ী রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলো—২১, ২৩, ২৫, ২৭ ও ২৯—লাইলাতুল কদর অনুসন্ধানের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
হাদিসে মহানবী (সা.) বলেছেন, ‘লাইলাতুল কদর’ রমজানের শেষ দশ দিনে অনুসন্ধান করতে। তাই মুসল্লিদের জন্য এ রাতগুলোতে বেশি বেশি ইবাদত-বন্দেগিতে মনোনিবেশ করার আহ্বান জানিয়েছেন আলেমরা।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।