দাপুটে পারফরম্যান্সে জয়ের ধারায় ফিরল বায়ার্ন মিউনিখ
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২২ মার্চ ২০২৬, ১২:২৮
বুন্ডেসলিগায় বায়ার্ন মিউনিখ আগের দুইবারের মুখোমুখি লড়াইয়ে তেতো স্বাদ পেয়েছিল। তবে এবার আর কোনো ভুল হয়নি। দাপুটে পারফরম্যান্সে ইউনিয়ন বার্লিনকে উড়িয়ে জয়ের ধারায় ফিরেছে লিগ চ্যাম্পিয়নরা।
আলিয়াঞ্জ অ্যারেনায় শনিবার (২১ মার্চ) অনুষ্ঠিত ম্যাচে বায়ার্ন ৪-০ গোলে জয়ী হয়েছে। একপেশে লড়াইয়ে জোড়া গোল করেন সের্গে জিনাব্রি, আর একটি করে গোল করেন মাইকেল ওলিসে ও হ্যারি কেইন।
শিরোপা ধরে রাখার পথে এগিয়ে চলা বায়ার্নের ২৭ ম্যাচে পয়েন্ট ৭০। এক ম্যাচ কম খেলে ৫৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে বরুশিয়া ডর্টমুন্ড। ইউনিয়ন বার্লিনের মাঠে লিগে গত দুই মৌসুমে একবারও জিততে পারেনি বায়ার্ন; ২০২৪-২৫ মৌসুমে ১-১ এবং গত মৌসুমে ২-২ ড্র হয়েছিল।
গত ডিসেম্বরে জার্মান কাপে ভেসোঁ কোম্পানির দল বায়ার্নকে ৩-২ গোলে হারিয়েছিল। তবে এবার কোনো প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেনি বার্লিন। দুই অর্ধে দুটি করে গোল হজম করেছে তারা।
ম্যাচের শুরু থেকেই প্রবল চাপ তৈরি করে বায়ার্ন। ৪৩তম মিনিটে মাইকেল ওলিসের গোলে এগিয়ে যায় দলটি। বিরতির আগে ব্যবধান দ্বিগুণ করেন জিনাব্রি। দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে ব্যবধান আরও বাড়ান কেইন। এই আসরে ২৬ ম্যাচে ইংলিশ স্ট্রাইকারের গোল হয়েছে ৩১টি। মৌসুমে সব মিলিয়ে ৩৯ ম্যাচে তার গোলের সংখ্যা দাঁড়িয়েছে ৪৮। ৬৭তম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন জিনাব্রি।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।