মাদ্রিদ ডার্বিতে অ্যাতলেটিকোকে হারিয়ে প্রতিশোধ নিল রিয়াল

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৩ মার্চ ২০২৬, ১২:০৭

ছবি: সংগৃহীত

স্পেনের শীর্ষ ফুটবল লিগের জমজমাট মাদ্রিদ ডার্বিতে অ্যাতলেটিকো মাদ্রিদকে হারিয়ে গুরুত্বপূর্ণ জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ৩-২ গোলে জয় তুলে নেয় স্বাগতিকরা। এই জয়ে গত বছরের সেপ্টেম্বরে হারের প্রতিশোধও নেয় দলটি।

রোববার রাতে ম্যাচের শুরুতে ভালো খেলেও প্রথমে পিছিয়ে পড়ে রিয়াল। ৩৩তম মিনিটে গোল করে এগিয়ে যায় অ্যাতলেটিকো মাদ্রিদ। গোলটি করেন আদেমোলা লুকম্যান।

বিরতির পর দ্রুত ঘুরে দাঁড়ায় রিয়াল। ৫২তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান ভিনিসিউস জুনিয়র। এরপর মাত্র তিন মিনিটের ব্যবধানে গোল করে দলকে এগিয়ে দেন ফেদেরিকো ভালভার্দে।

তবে লড়াই থেমে থাকেনি। ৬৪তম মিনিটে দূরপাল্লার শটে গোল করে অ্যাতলেটিকোকে সমতায় ফেরান মোলিনা। এরপর আবারও জ্বলে ওঠেন ভিনিসিউস। ৭২তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন তিনি।

ম্যাচের শেষদিকে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ভালভার্দে। ফলে শেষ সময় ১০ জন নিয়ে খেলতে হয় রিয়ালকে। তবুও শক্ত রক্ষণ ও গোলরক্ষক লুনিনের দারুণ নৈপুণ্যে জয় নিশ্চিত করে রিয়াল।

এই জয়ে ২৯ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top