সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২

যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে দেশের সব পেট্রোল পাম্প

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৩ মার্চ ২০২৬, ০৯:২৫

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাব পড়ে বিশ্বজুড়ে জ্বালানি সংকট ও নিরাপত্তাহীনতা তৈরি হওয়ায় দেশের পেট্রোল পাম্পগুলো যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে বলে কঠোর সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।

রোববার রাতে সংগঠনটির অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমের পেজে প্রকাশিত এক জরুরি বার্তায় এ আশঙ্কার কথা জানানো হয়।

সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, সারাদেশের পেট্রোল পাম্পগুলোর বর্তমান অবস্থা অত্যন্ত নাজুক। তেল বিপণনকারী প্রতিষ্ঠানগুলো থেকে প্রতিদিন যে পরিমাণ জ্বালানি সরবরাহ করা হচ্ছে, তা দিয়ে সাধারণ ক্রেতাদের ন্যূনতম চাহিদাও পূরণ করা সম্ভব হচ্ছে না। বিশেষ করে বিপুলসংখ্যক মোটরসাইকেল চালক ও জরুরি যানবাহন ব্যবহারকারীরা তেল নিতে এসে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকছেন।

বার্তায় আরও বলা হয়, চাহিদার তুলনায় তেলের সরবরাহ কম থাকায় পাম্পের কর্মীদের ওপর মানসিক ও শারীরিক চাপ কয়েক গুণ বেড়ে গেছে। তেল দিতে না পারায় তাদের প্রতিনিয়ত ক্ষুব্ধ ক্রেতাদের সঙ্গে বাকবিতণ্ডা ও অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। পাম্পকর্মীরা এই পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছেন এবং টানা এভাবে দায়িত্ব পালন করা তাদের জন্য কঠিন হয়ে পড়েছে।

সব মিলিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলে মনে করছেন পাম্প মালিকরা। পর্যাপ্ত নিরাপত্তা ও সময়মতো জ্বালানি সরবরাহ নিশ্চিত করা না গেলে জানমালের নিরাপত্তার স্বার্থে যেকোনো মুহূর্তে পেট্রোল পাম্পগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top