আগেই শাস্তির আশঙ্কা তৈরি হয়েছিল, শেষ পর্যন্ত সেটিই বাস্তবে রূপ নিল। Pakistan Cricket Board শ্রীলঙ্কার টি-টোয়েন্টি অধিনায়ক Dasun Shanaka-কে এক বছরের জন্য নিষিদ্ধ করেছে।
Pakistan Super League (পিএসএল) ছেড়ে Indian Premier League (আইপিএল)-এ যোগ দেওয়ার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এবারের পিএসএলে Lahore Qalandars-এর হয়ে খেলার কথা ছিল শানাকার। তবে চুক্তি থাকা সত্ত্বেও তিনি দল ছেড়ে আইপিএলের ফ্র্যাঞ্চাইজি Rajasthan Royals-এ যোগ দেন।
পিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি বিস্তারিত পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বোর্ডের মতে, শানাকা একতরফাভাবে দল থেকে নাম প্রত্যাহার করেছেন, যা খেলোয়াড় নিবন্ধন এবং ত্রিপক্ষীয় চুক্তির স্পষ্ট লঙ্ঘন। ফলে ২০২৭ সালের পিএসএলে অংশ নিতে পারবেন না তিনি।
এর আগে একই ধরনের ঘটনায় জিম্বাবুয়ের পেসার Blessing Muzarabani-কেও দুই বছরের জন্য নিষিদ্ধ করেছিল পিসিবি। Islamabad United-এর হয়ে খেলার কথা থাকলেও তিনি আইপিএলের Kolkata Knight Riders-এ যোগ দেন।
গণমাধ্যম ESPNcricinfo-এর প্রতিবেদনে বলা হয়েছে, মুজারাবানির মতো শানাকাকেও দুই বছরের জন্য নিষিদ্ধ করার পরিকল্পনা ছিল। তবে তিনি ক্ষমা চেয়ে আবেদন করায় শাস্তি কমিয়ে এক বছর করা হয়েছে।
নিজের ভুল স্বীকার করে শানাকা এক বিবৃতিতে বলেন, পিএসএল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের জন্য তিনি অনুতপ্ত। পাকিস্তানের জনগণ, পিএসএল ভক্ত এবং ক্রিকেট বিশ্বের কাছে তিনি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করেছেন।
উল্লেখ্য, আইপিএলে যোগ দিলেও এখনো মাঠে নামা হয়নি শানাকার। Rajasthan Royals ইতোমধ্যে ছয়টি ম্যাচ খেললেও কোনো ম্যাচেই সুযোগ পাননি এই ৩৪ বছর বয়সী অলরাউন্ডার।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।