শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৫ মাঘ ১৪৩২

ফেসবুকের বিশেষ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের ভোটারদের সচেতন করা হচ্ছে

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৬

ফেসবুকের বিশেষ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের ভোটারদের সচেতন করা হচ্ছে । ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বাংলাদেশে বসবাসকারীদের জন্য ফেসবুক বিশেষ একটি বিজ্ঞপ্তি দেখাচ্ছে। মোবাইল অ্যাপ বা ব্রাউজারের মাধ্যমে ফেসবুকে প্রবেশ করলে অনেক ব্যবহারকারী নির্বাচনে ভোট দেওয়ার তথ্য দেখতে পাচ্ছেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনের ভোটিং সম্পর্কিত সরাসরি তথ্য দেখতে পারবেন। ‘নির্বাচনী তথ্য দেখুন’ অপশনে ক্লিক করলে ব্যবহারকারী সরাসরি বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইট-এ পৌঁছে যাচ্ছেন।

ফেসবুকের বিজ্ঞপ্তির শেষে দেখা যাচ্ছে কতজন ব্যবহারকারী নির্বাচনী তথ্য শেয়ার করেছেন। আজ শুক্রবার বিকেল ৪:২০ মিনিট পর্যন্ত ৪ লাখ ৯৯ হাজারের বেশি ব্যবহারকারী এই বিজ্ঞপ্তি শেয়ার করেছেন। ধারণা করা হচ্ছে, ভোটারদের ভোট দেওয়ার আগ্রহ বাড়াতে এই বিশেষ বিজ্ঞপ্তি প্রচার করছে ফেসবুক।

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক বুশরা হুমায়রা বলেন, ফেসবুক জনসচেতনতার জন্য বিভিন্ন ধরনের বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকে। সাধারণত ভূমিকম্প, দুর্যোগ বা জাতীয় কোনো গুরুত্বপূর্ণ ঘটনার সময় এ ধরনের বিজ্ঞপ্তি প্রদর্শিত হয়। তবে, ২০২৪ সালের নির্বাচনের সময় এই ধরনের বিজ্ঞপ্তি চোখে পড়েনি। তিনি বলেন, “এবারই প্রথম বাংলাদেশের কোনো নির্বাচনের সময় ফেসবুক এই ধরনের নির্বাচনী বিজ্ঞপ্তি দেখাচ্ছে।”

বুশরা হুমায়রা আরও বলেন, ফেসবুকের এই বিজ্ঞপ্তির নির্ভরযোগ্যতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিজ্ঞপ্তির ‘নির্বাচনী তথ্য দেখুন’ বাটনে ক্লিক করলে সরাসরি সরকারি ওয়েবসাইটে নিয়ে যাওয়া হচ্ছে। এতে ভোটাররা বিভ্রান্তি ছাড়াই তাদের ভোটকেন্দ্র, ভোটার আইডি এবং নির্বাচনের আচরণবিধি সম্পর্কে সঠিক তথ্য পাচ্ছেন। তিনি জানান, ভুয়া খবরের এই যুগে সরকারি ওয়েবসাইটের তথ্য সরাসরি জানার এই প্রক্রিয়া জনমনে আস্থা সৃষ্টি করছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top