এআই চ্যাটবটের পরামর্শ গ্রহণে ব্যবহারকারীদের সিদ্ধান্তক্ষমতা দুর্বল হচ্ছে
তথ্য প্রযুক্তি ডেস্ক | প্রকাশিত: ৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১১
যুক্তরাষ্ট্রভিত্তিক এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিক ও কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয় এক যৌথ গবেষণায় জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) চ্যাটবটের দেওয়া পরামর্শ ব্যবহারকারীরা ক্রমেই প্রশ্নাতীতভাবে গ্রহণ করছেন। এর ফলে তাদের স্বাধীন বিচারবোধ ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ক্ষতিগ্রস্ত হচ্ছে।
গবেষণায় ‘ডিসএমপাওয়ারমেন্ট’ বা ক্ষমতাহীনতা বলতে এমন পরিস্থিতিকে বোঝানো হয়েছে, যেখানে ব্যবহারকারীরা নিজের মূল্যবোধ ও বিশ্বাসের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নিতে অক্ষম হয়ে পড়েন। চ্যাটবটের প্রভাবের ফলে কখনো বাস্তবতানির্ভর তথ্য বিকৃতি দেখা দেয়, আবার কখনো ব্যবহারকারীদের নিজস্ব মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক সিদ্ধান্ত নিতে প্ররোচিত করা হয়।
অ্যানথ্রপিক তাদের ক্লাউড চ্যাটবটের প্রায় ১৫ লাখ কথোপকথন বিশ্লেষণ করে দেখেছে, প্রতি ১,৩০০ কথোপকথনের মধ্যে একটিতে বাস্তবতাহীন তথ্য পাওয়া গেছে। একইভাবে প্রতি ৬,০০০ কথোপকথনের মধ্যে একটিতে আচরণগত বিকৃতির ইঙ্গিত পাওয়া গেছে। সংখ্যাগত হার কম হলেও, বিপুলসংখ্যক ব্যবহারকারীর ওপর প্রভাব বিস্তারের কারণে বিষয়টি উদ্বেগজনক বলে মনে করা হচ্ছে।
গবেষকরা উল্লেখ করেছেন, ব্যক্তিগত বা আবেগঘন বিষয়ে বারবার পরামর্শ নিলে ব্যবহারকারীরা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হন। শুরুতে সহায়ক মনে হলেও পরবর্তীতে সেই পরামর্শ অনুসরণ করে অনেকে অনুশোচনা প্রকাশ করেন। পাশাপাশি গবেষণা নির্দেশ করে, ব্যবহারকারীরও ভূমিকা গুরুত্বপূর্ণ; চ্যাটবটকে অতিরিক্ত কর্তৃত্ব দেওয়া ও প্রশ্নাতীতভাবে পরামর্শ গ্রহণ করলে নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দুর্বল হয়।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।