শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৫ মাঘ ১৪৩২

পৃথিবীর দিকে ধেয়ে আসছে শক্তিশালী সৌরঝড়, বিশ্বজুড়ে রেডিও ব্ল্যাকআউটের শঙ্কা

তথ্য প্রযুক্তি ডেস্ক | প্রকাশিত: ৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৭:১৪

ছবি: সংগৃহীত

পৃথিবীর দিকে দ্রুতগতিতে এগিয়ে আসছে একটি শক্তিশালী সৌরঝড়। এর প্রভাবে বিশ্বজুড়ে রেডিও যোগাযোগ ব্যবস্থায় মারাত্মক বিঘ্ন বা ‘রেডিও ব্ল্যাকআউট’ দেখা দিতে পারে বলে সতর্ক করেছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এবং যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসা।

বিজ্ঞানীদের মতে, চলতি বছরের শুরু থেকেই সূর্যের অস্বাভাবিক ও অতিরিক্ত সক্রিয়তা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে গত ১ ও ২ ফেব্রুয়ারি সূর্যের ‘অ্যাক্টিভ রিজিয়ন ১৪৩৬৬’ থেকে যে বিপুল পরিমাণ বিকিরণ নির্গত হয়েছে, তা সাম্প্রতিক কয়েক দশকের মধ্যে অন্যতম শক্তিশালী বলে মনে করা হচ্ছে।

জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, সূর্যের চৌম্বকীয় সৌরকলঙ্ক বা সানস্পটগুলোর সক্রিয়তা বর্তমানে কয়েক গুণ বেড়ে গেছে। এর ফলেই সৃষ্টি হয়েছে ‘এক্স ৮.১’ মাত্রার শক্তিশালী সৌরশিখা। সূর্যের ১১ বছর মেয়াদি একটি চক্র রয়েছে, যাকে ‘সোলার সাইকেল’ বলা হয়। বর্তমানে সূর্য ওই চক্রের সর্বোচ্চ সক্রিয় পর্যায় বা ‘সোলার ম্যাক্সিমা’র মধ্য দিয়ে অতিক্রম করছে। এই সময় সূর্যের উপরিভাগে ঘন ঘন বিস্ফোরণ হওয়াটাই স্বাভাবিক বলে জানান বিজ্ঞানীরা।

বিশেষজ্ঞদের মতে, সূর্য থেকে নির্গত এই তীব্র তড়িৎচুম্বকীয় বিকিরণ সরাসরি মানুষের শরীরের জন্য ক্ষতিকর না হলেও আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যবস্থায় বড় ধরনের প্রভাব ফেলতে পারে। আয়নোস্ফিয়ারে বিঘ্ন সৃষ্টি হলে উচ্চ কম্পাঙ্কের রেডিও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে। পাশাপাশি মহাকাশে থাকা কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট ক্ষতিগ্রস্ত হলে টেলিভিশন সম্প্রচার, ইন্টারনেট ও জিপিএস সেবায় বড় ধরনের সমস্যা দেখা দিতে পারে। এর ফলে জাহাজ চলাচল এবং বিমান পরিচালনাতেও দিকনির্ণয় সংক্রান্ত জটিলতা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে শক্তিশালী সৌরঝড় পৃথিবীর বিদ্যুৎ গ্রিডে অতিরিক্ত চাপ সৃষ্টি করে কোথাও কোথাও বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয়ের কারণ হতে পারে।

তবে এই সৌরঝড়ের একটি নান্দনিক দিকও রয়েছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। সৌরঝড়ের প্রভাবে উত্তর ও দক্ষিণ মেরু অঞ্চলে মেরুপ্রভা বা ‘অরোরা’র উজ্জ্বলতা উল্লেখযোগ্যভাবে বেড়ে যেতে পারে। সৌরঝড়ের তীব্রতা বেশি হলে মেরু অঞ্চল ছাড়িয়ে বিশ্বের অন্যান্য স্থানেও আকাশে এই আলোর খেলা দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top