টানা পাঁচ দিনের ছুটি পাচ্ছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৯:৪২
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে চলতি ফেব্রুয়ারি মাসেই আসছে টানা পাঁচ দিনের ছুটি। ফেব্রুয়ারির শুরু থেকেই একের পর এক ছুটির কারণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শ্রেণি কার্যক্রমে বিরতি চলছে। এরই ধারাবাহিকতায় আগামী ১১ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে।
শিক্ষা মন্ত্রণালয়ের ছুটির তালিকা অনুযায়ী, ১১ ও ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ছুটি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার দিন সাধারণ ছুটি হিসেবে আগেই ঘোষণা দেওয়া হয়।
এরপর ১৩ ও ১৪ ফেব্রুয়ারি যথাক্রমে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো স্বাভাবিকভাবেই বন্ধ থাকবে। এর সঙ্গে যুক্ত হয়েছে ১৫ ফেব্রুয়ারি শ্রী শ্রী শিবরাত্রি ব্রত উপলক্ষে ঘোষিত সরকারি ছুটি। ফলে টানা পাঁচ দিন শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো শ্রেণি কার্যক্রম থাকবে না।
শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ছুটির তালিকা বিশ্লেষণে দেখা গেছে, এটি চলতি বছরের প্রথম বড় পরিসরের ছুটি এবং তালিকাভুক্ত পঞ্চম ছুটি।
এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য ১০ ফেব্রুয়ারি সাধারণ ছুটি রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
টানা এই ছুটিতে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে স্বস্তি যেমন রয়েছে, তেমনি শিক্ষা কার্যক্রমের গতি স্বাভাবিক রাখতে ছুটি শেষে নিয়মিত ক্লাসে ফেরার প্রস্তুতির কথাও জানাচ্ছেন সংশ্লিষ্টরা।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।