বুকে ধানের শীষ লাগিয়ে ভোটকেন্দ্রে গেলেও ভোট দিতে হবে দাঁড়িপাল্লায়:হাসনাত আব্দুল্লাহ
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৯:০৪
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, “বুকে ধানের শীষ লাগিয়ে ভোটকেন্দ্রে গেলেও ভোট দিতে হবে দাঁড়িপাল্লায়।” শনিবার (৭ ফেব্রুয়ারি) যশোর শহরের দড়াটানা ভৈরব চত্বরে ১১ দলীয় জোট আয়োজিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
পথসভায় দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ‘ব্যালট বিপ্লব’-এর আহ্বান জানিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, এবারের নির্বাচন জাতিকে দুই ভাগে বিভক্ত করেছে। এক পক্ষ বিদেশি প্রভাব ও ধর্মীয় মূল্যবোধবিরোধী অবস্থানে রয়েছে, আর অন্য পক্ষ জুলুম, অন্যায় ও বিদেশি আধিপত্যের বিরুদ্ধে ইনসাফের পক্ষে দাঁড়িয়েছে। তিনি বলেন, “আমরা আর গোলামির শৃঙ্খলে বন্দি থাকতে চাই না।”
ইনকিলাব মঞ্চে পুলিশি হামলার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, পুলিশ কোনো রাজনৈতিক দলের নয়, পুলিশ দেশের ১৮ কোটি মানুষের। গত ১৭ বছরে যারা একটি দলের হয়ে কাজ করেছে, জুলাই বিপ্লবে তাদের পরিণতি জনগণ দেখেছে বলেও মন্তব্য করেন তিনি।
হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, এবারের নির্বাচন জাতির কলঙ্ক মোচনের নির্বাচন। আগামীর বাংলাদেশ কেমন হবে, তা এই ভোটের ওপর নির্ভর করছে। তিনি অভিযোগ করেন, একটি ফ্যাসিস্ট শক্তি আবারও ভোটকেন্দ্র দখলের ষড়যন্ত্র করছে। এ অবস্থায় তিনি ভোটারদের ১২ তারিখ সকাল ৭টার মধ্যে ভোটকেন্দ্রে গিয়ে কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানান এবং ফলাফল নিশ্চিত না হওয়া পর্যন্ত কেন্দ্র না ছাড়ার অনুরোধ করেন।
পথসভায় আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর যশোর সদর-৩ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ভিপি আব্দুল কাদের, জামায়াত নেতা আব্দুল্লাহ আল মামুন, অধ্যাপক শামসুজ্জামান, এনসিপির নেতা সাকিব শাহরিয়ারসহ ১১ দলীয় জোটের অন্যান্য নেতৃবৃন্দ।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।