বৃহঃস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

এক সারিতে থাকবে ৬ গ্রহ, খালি চোখেই দেখা যাবে যেদিন

তথ্য প্রযুক্তি ডেস্ক | প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০২

ছবি: সংগৃহীত

বিশ্ববাসী মহাজাগতিক এক বিরল দৃশ্যের সাক্ষী হতে যাচ্ছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সূর্যাস্তের পর পশ্চিম আকাশে সৌরজগতের ছয়টি গ্রহ এক লাইনে অবস্থান করবে। জ্যোতির্বিদরা একে ‘প্ল্যানেট প্যারেড’ বা গ্রহসমাবেশ হিসেবে অভিহিত করেছেন।

বিশেষজ্ঞদের মতে, বুধ, শুক্র, বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন সূর্যাস্তের ৩০-৪৫ মিনিটের মধ্যে একই সরলরেখায় দৃশ্যমান হবে। বাংলাদেশ থেকেও খালি চোখে বেশিরভাগ গ্রহ দেখা যাবে, যদিও ইউরেনাস ও নেপচুনের জন্য দূরবীন বা ছোট টেলিস্কোপ প্রয়োজন।

শুক্র, বৃহস্পতি ও শনিকে সহজেই চোখে ধরা পড়বে। বুধ আকাশের খুব নিচুতে অবস্থান করবে, তাই পরিষ্কার দিগন্তরেখা ছাড়া দেখা কঠিন হতে পারে। বৃহস্পতি তুলনামূলক উজ্জ্বল, শনি শুক্র ও বৃহস্পতির মাঝামাঝি স্থানে দেখা যাবে। সূর্যাস্তের পর অল্প সময়ের মধ্যেই কয়েকটি গ্রহ ধীরে ধীরে দিগন্তের নিচে নেমে যাবে।

জ্যোতির্বিদরা জানাচ্ছেন, বাস্তবে গ্রহগুলো একে অপরের থেকে লক্ষ-কোটি কিলোমিটার দূরে অবস্থান করছে, তবে পৃথিবী থেকে দেখা গেলে মনে হবে তারা এক সরলরেখায় রয়েছে।

উল্লেখ্য, এর আগে ২০২৫ সালের ২৭ ফেব্রুয়ারি সাতটি গ্রহ এক লাইনে দেখা গিয়েছিল। জ্যোতির্বিদরা বলছেন, এ ধরনের পূর্ণাঙ্গ সমাবেশ ২০৪০ সালের আগে আর দেখা যাবে না। উত্তর গোলার্ধের দেশগুলো থেকে এই দৃশ্য তুলনামূলকভাবে বেশি স্পষ্ট দেখা যাবে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top