কলম্বিয়ায় উড্ডয়নের পর সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩৪
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৪ মার্চ ২০২৬, ০৯:২৫
কলম্বিয়ার দক্ষিণপশ্চিমাঞ্চলে উড্ডয়নের কিছুক্ষণ পরেই দেশটির সামরিক বাহিনীর একটি কার্গো পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ৩৪ জন নিহত হয়েছেন।
সোমবার পুতোমায়ো বিভাগের পুয়ের্তো লেগুইজামো শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে। বিমানটিতে মোট ১২৫ জন আরোহী ছিলেন।
পুয়ের্তো লেগুইজামো শহরের মেয়র লুইস এমিলিও বুস্টোস স্থানীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে বলেন, এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। এখন পর্যন্ত ৩৪ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে, তবে এই সংখ্যা আরও বাড়তে পারে।
পুতোমায়ো বিভাগের গভর্নর জন গ্যাব্রিয়েল মোলিনা জানান, নিহতদের মধ্যে ২১ জনের মরদেহ এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।
কলম্বিয়ার সামরিক বাহিনীর সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত ৪৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে আশঙ্কা করা হচ্ছে, নিহতের সংখ্যা ৮০ ছাড়িয়ে যেতে পারে।
বিধ্বস্ত হওয়া উড়োজাহাজটি ছিল মার্কিন নির্মিত হারকিউলিস সি-১৩০ মডেলের একটি সামরিক পরিবহন বিমান। দেশটির প্রতিরক্ষামন্ত্রী পেদ্রো সানচেজ জানান, বিমানবন্দর থেকে উড্ডয়নের পর প্রায় দেড় কিলোমিটার উচ্চতায় থাকতেই এটি নিয়ন্ত্রণ হারিয়ে ভূমিতে আছড়ে পড়ে।
তিনি আরও বলেন, বিমানটি কোনো ধরনের হামলার শিকার হয়নি এবং চালকেরা অভিজ্ঞ ছিলেন। সূত্র: এএফপি
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।