শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২

এআই পরামর্শে মাকে হত্যা করে ব্রিটিশ কিশোর

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৮ মার্চ ২০২৬, ১৫:৫২

সংগৃহীত

ব্রিটেনে ট্রিস্টান রবার্ট (১৮) নামে এক কিশোরকে তার মাকে নৃশংসভাবে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। উত্তর ওয়েলসের মোল্ড ক্রাউন কোর্ট গত বুধবার এই রায় ঘোষণা করে। আদালতের নির্দেশ অনুযায়ী, রবার্টকে ন্যূনতম ২২ বছর ৬ মাস কারাগারে কাটাতে হবে।

ঘটনা ঘটে গত বছরের ২৩ অক্টোবর, যখন রবার্ট তার ৪৫ বছর বয়সী মা অ্যাঞ্জেলা শেলিসকে ৪ পাউন্ড ওজনের স্লেজহ্যামার দিয়ে হত্যা করে। মামলার শুনানি থেকে জানা গেছে, হত্যাকাণ্ডটি কয়েক সপ্তাহ ধরে পরিকল্পিত ছিল এবং রবার্ট পুরো ঘটনাটির প্রায় সাড়ে চার ঘণ্টার অডিও রেকর্ড রাখে। অনলাইনে নারীদের প্রতি বিদ্বেষমূলক পোস্ট এবং নিজের জীবনের সমস্যাগুলো মায়ের উপর চাপানোর মানসিকতা থেকেই সে হত্যার পথ বেছে নেয়।

আদালতের তথ্যমতে, রবার্ট হত্যার পদ্ধতি ও অস্ত্র নিয়ে ‘ডিপসিক’ নামক এআই সার্চ ইঞ্জিনের কাছে পরামর্শ নিয়েছিল। প্রথমে এআই তাকে নেগেটিভ উত্তর দেয়, তবে রবার্ট দাবি করলে যে সে ধারাবাহিক খুনিদের নিয়ে বই লিখছে, তখন এআই তাকে কিছু কৌশল জানায়। রবার্ট এআই-এর কাছে রক্ত পরিষ্কারের উপায় এবং হাতুড়ি নাকি ছুরি ভালো—এমন প্রশ্নও করেছিল।

তদন্তে দেখা গেছে, হত্যার অন্তত তিন সপ্তাহ আগে থেকে রবার্ট প্রস্তুতি শুরু করে। সে অনলাইনে স্লেজহ্যামার, কুঠার ধার করার পাথর ও প্লাস্টিক শিট কিনে রাখে। ঘটনার রাতে বাড়িতে মায়ের ওপর হামলা চালিয়ে, চিকিৎসার নাম করে তাকে বাইরে নিয়ে যায় এবং একটি নির্জন প্রকৃতি সংরক্ষণাগারে হাতুড়ি দিয়ে মায়ের মাথায় আঘাত করে মৃত্যু নিশ্চিত করে। পরে মরদেহ ঝোপের আড়ালে লুকিয়ে সে বাড়ি ফিরে যায়।

পরদিন সকালে পথচারীরা মরদেহ উদ্ধার করলে পুলিশ রবার্টকে গ্রেপ্তার করে। শুনানিতে নিহতের বড় ছেলে ইথান রবার্ট ও বোন সারা গুন্থার আবেগপ্রবণ হয়ে পড়েন। জানা গেছে, অ্যাঞ্জেলা শেলিস সবসময় তার অটিজম ও এডিএইচডি আক্রান্ত ছেলের জন্য সহায়তা করার চেষ্টা করতেন। হত্যার কয়েকদিন আগে অস্ত্র দেখে তিনি নিজের ফোনে নোটও লিখেছিলেন, যেখানে তিনি আশঙ্কা প্রকাশ করেছিলেন—তার ছেলে কি তাকে বা নিজেকে আঘাত করতে চায়? সেই আশঙ্কা শোকাবহ বাস্তবতায় পরিণত হয়।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top