শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২

সৌদি যুবরাজ এখন আমাকে তোষামোদ করছেন: ট্রাম্পের দাবি

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৮ মার্চ ২০২৬, ১৬:০০

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান এখন তাকে তোষামোদ করছেন। একই সঙ্গে তিনি ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে ‘সফল’ বলে দাবি করেছেন।

শুক্রবার স্থানীয় সময় ফ্লোরিডার মায়ামিতে সৌদি আরব-সমর্থিত এক ব্যবসায়িক ফোরামে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প এসব কথা বলেন। তিনি ইরানকে মধ্যপ্রাচলের ‘ভয় দেখানো শক্তি’ হিসেবে উল্লেখ করে বলেন, দীর্ঘদিন ধরে দেশটি অন্যদের আতঙ্কে রেখেছে, তবে এখন তারা আর সেই অবস্থানে নেই।

অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে ট্রাম্প মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ছাড়াও কিউবার প্রসঙ্গ টানেন এবং উত্তর আটলান্টিক চুক্তি সংস্থার কড়া সমালোচনা করেন। তার অভিযোগ, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযানে এই জোট প্রত্যাশিত সহায়তা দিচ্ছে না।

ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ইরানের ওপর কঠোর পদক্ষেপ না নিলে দেশটি অল্প সময়ের মধ্যেই পারমাণবিক অস্ত্রের অধিকারী হয়ে যেত। তিনি বলেন, ইরান এই শক্তি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ ও ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করতে পারত।

সৌদি যুবরাজকে নিয়ে মন্তব্য করতে গিয়ে ট্রাম্প বলেন, তার দ্বিতীয় মেয়াদের আগে সৌদি নেতৃত্ব তাকে গুরুত্ব দেয়নি। তবে বর্তমানে পরিস্থিতি বদলেছে এবং এখন তাদের আচরণেও পরিবর্তন এসেছে। তিনি ইঙ্গিত দেন, সৌদি নেতৃত্ব এখন তার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে আগ্রহী।

বক্তব্যের এক পর্যায়ে তিনি সৌদি নেতৃত্বকে হালকা বিদ্রূপও করেন এবং বলেন, তারা কখনো ভাবেননি যে একসময় তাকে গুরুত্ব দিতে হবে।

এদিকে, কিউবার বিষয়ে সম্ভাব্য পদক্ষেপের ইঙ্গিত দিয়ে ট্রাম্প বলেন, দেশটির ওপর ভবিষ্যতে নতুন সিদ্ধান্ত আসতে পারে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

বর্তমানে যুদ্ধের প্রভাবে, বিশেষ করে জ্বালানি খাতে অস্থিরতার কারণে বৈশ্বিক অর্থনীতি চাপে রয়েছে। তবে ট্রাম্প যুক্তরাষ্ট্রের অর্থনীতি নিয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন, যুদ্ধ শেষ হলে দেশটির অর্থনীতি দ্রুতগতিতে এগিয়ে যাবে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top