তেলের দাম ব্যারেলপ্রতি ২০০ ডলার ছুঁতে পারে, ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনায় শঙ্কা
আন্তজাতিক ডেস্ক | প্রকাশিত: ৩১ মার্চ ২০২৬, ০৯:০০
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরান এর মধ্যে বাড়তে থাকা উত্তেজনার প্রভাব বিশ্ব জ্বালানি বাজারে স্পষ্ট হয়ে উঠছে। বিশ্লেষকদের আশঙ্কা, পরিস্থিতি আরও খারাপ হলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ২০০ ডলার পর্যন্ত পৌঁছাতে পারে।
জ্বালানি বিশেষজ্ঞদের মতে, সংঘাত তীব্র হলে বিশেষ করে ইরানের জ্বালানি স্থাপনায় হামলা কিংবা গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ হয়ে গেলে বৈশ্বিক তেল সরবরাহ বড় ধরনের সংকটে পড়বে।
জ্বালানি বিশ্লেষক টামাস ভার্গা জানান, প্রতিদিন প্রায় এক কোটি ব্যারেল তেল সরবরাহ ব্যাহত হলে বিশ্ববাজারে বড় ধাক্কা লাগবে এবং তেলের দাম দ্রুত বাড়বে।
এদিকে ডোনাল্ড ট্রাম্প পরিস্থিতি আরও উত্তপ্ত করে ইঙ্গিত দিয়েছেন, প্রয়োজনে ইরানের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খার্গ দ্বীপ দখল বা ধ্বংস করা হতে পারে। বিশ্লেষকদের মতে, এমন পদক্ষেপ বাস্তবায়িত হলে ইরানের তেল রপ্তানি মারাত্মকভাবে ব্যাহত হবে এবং বাজারে অস্থিরতা আরও বাড়বে।
বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও গ্যাস পরিবহন হয় হরমুজ প্রণালি দিয়ে। ইতোমধ্যে এই পথে আংশিক বিঘ্ন ঘটায় আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে।
এর প্রভাব পড়তে শুরু করেছে ইউরোপেও। জার্মানি জ্বালানির দাম নিয়ন্ত্রণে পদক্ষেপ নিচ্ছে, আর ব্যবসায়ীরা বাড়তি ব্যয়ের চাপ সামলাতে পণ্যের দাম বাড়ানোর ইঙ্গিত দিচ্ছেন।
বিশ্লেষকদের মতে, দ্রুত উত্তেজনা প্রশমিত না হলে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে বৈশ্বিক অর্থনীতির ওপর।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।