হরমুজ প্রণালি বন্ধ হলে বিশ্ববাজারে জ্বালানি সংকটের আশঙ্কা
আন্তজাতিক ডেস্ক | প্রকাশিত: ৩১ মার্চ ২০২৬, ১০:১৯
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বাড়তে থাকা উত্তেজনার জেরে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ২০০ ডলার পর্যন্ত পৌঁছাতে পারে বলে সতর্ক করেছেন জ্বালানি বিশ্লেষকরা।
বিশেষজ্ঞদের মতে, সংঘাত আরও তীব্র হলে—বিশেষ করে ইরানের জ্বালানি স্থাপনায় হামলা বা হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ হয়ে গেলে—বৈশ্বিক তেল সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হবে। এতে বাজারে বড় ধরনের সংকট সৃষ্টি হতে পারে।
জ্বালানি বিশ্লেষক টামাস ভার্গা জানান, প্রতিদিন প্রায় এক কোটি ব্যারেল তেল সরবরাহে বিঘ্ন ঘটলে বিশ্ববাজারে বড় ধাক্কা লাগবে এবং খুব দ্রুত তেলের দাম বাড়তে শুরু করবে।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তেজনা আরও বাড়িয়ে ইঙ্গিত দিয়েছেন, প্রয়োজনে ইরানের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খার্ক দ্বীপ দখল বা ধ্বংস করা হতে পারে। বিশ্লেষকদের মতে, এমন পদক্ষেপ ইরানের তেল রপ্তানিতে বড় ধাক্কা দেবে এবং আন্তর্জাতিক বাজারে অস্থিরতা আরও বাড়াবে।
বিশ্বের মোট তেল ও গ্যাস পরিবহনের প্রায় ২০ শতাংশ হরমুজ প্রণালির মাধ্যমে হয়ে থাকে। ইতোমধ্যে এই পথ আংশিকভাবে বিঘ্নিত হওয়ায় জ্বালানি বাজারে অস্থিরতা দেখা দিয়েছে।
এর প্রভাব ইউরোপেও পড়তে শুরু করেছে। জার্মানি জ্বালানির দাম নিয়ন্ত্রণে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। একইসঙ্গে বাড়তি ব্যয়ের কারণে ব্যবসায়ীরা পণ্যের দাম বাড়ানোর ইঙ্গিত দিচ্ছেন।
বিশ্লেষকদের মতে, দ্রুত উত্তেজনা প্রশমিত না হলে বিশ্ব অর্থনীতি বড় ধরনের চাপে পড়তে পারে।
সূত্র: শাফাক নিউজ
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।