মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২

হরমুজ প্রণালিতে নিরাপত্তা জোরদারে জোটে যোগ দিতে আগ্রহী বেলজিয়াম

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৩১ মার্চ ২০২৬, ১২:২৬

সংগৃহীত

হরমুজ প্রণালিতে নিরাপদ নৌচলাচল নিশ্চিত করতে মাইনহান্টার মোতায়েনের আগ্রহ প্রকাশ করেছে বেলজিয়াম। দেশটি জানিয়েছে, আন্তর্জাতিক উদ্যোগের অংশ হিসেবে পরিস্থিতি অনুকূলে এলে তারা এই মিশনে অংশ নিতে প্রস্তুত।

বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রেভো এক বহুজাতিক জোটে অংশ নেওয়ার আগ্রহের কথা জানিয়েছেন। তবে তিনি স্পষ্ট করেন, অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত কোনো ধরনের সামরিক সম্পদ, বিশেষ করে মাইনহান্টার, মোতায়েন করা হবে না।

এদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ ইতোমধ্যে বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভারের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। প্রস্তাবিত এই উদ্যোগে ৩২টি দেশকে নিয়ে একটি যৌথ জোট গঠনের পরিকল্পনা রয়েছে, যার লক্ষ্য হবে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা।

তবে বেলজিয়াম জোর দিয়ে বলেছে, এই জোটে অংশগ্রহণের অর্থ ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক তৎপরতার প্রতি সমর্থন নয়। দেশটির মতে, চলমান এই সংঘাত আন্তর্জাতিক আইনের বাইরে শুরু হয়েছে।

বেলজিয়ামের প্রতিরক্ষামন্ত্রী থিও ফ্রাঙ্কেন বলেন, বৈশ্বিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথে চলাচলের স্বাধীনতা রক্ষা করা তাদের অর্থনীতি ও নিরাপত্তার জন্য অপরিহার্য।

উল্লেখ্য, গত ২ মার্চ ইরান হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে কিছু বিধিনিষেধ আরোপ করে। বিশ্বে সরবরাহ হওয়া মোট তেলের প্রায় ২০ শতাংশ এই পথ দিয়ে পরিবাহিত হয়। ফলে বর্তমান উত্তেজনা আন্তর্জাতিক জ্বালানি বাজারে নতুন করে অস্থিরতা তৈরি করেছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top