রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২

ইরান ইস্যুতে যুদ্ধে সরাসরি হুতিদের প্রবেশ, ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা

আন্তজাতিক ডেস্ক | প্রকাশিত: ২৯ মার্চ ২০২৬, ১৩:৫৩

ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতে নতুন মাত্রা যোগ করে আনুষ্ঠানিকভাবে যুদ্ধে যুক্ত হয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা।

শনিবার (২৮ মার্চ) ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মাধ্যমে নিজেদের অবস্থান স্পষ্ট করে গোষ্ঠীটি। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানায়, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র তারা সফলভাবে আকাশেই প্রতিহত করেছে।

এক বিবৃতিতে হুতি বিদ্রোহীরা দাবি করেছে, তারা ইসরায়েলের স্পর্শকাতর সামরিক স্থাপনাকে লক্ষ্য করে এই হামলা চালিয়েছে। একই সঙ্গে জানানো হয়, ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানের প্রতিক্রিয়ায় তারা সরাসরি যুদ্ধে অংশ নিচ্ছে।

এর আগে শুক্রবার হুতিরা সতর্ক করে বলেছিল, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে অন্য কোনো দেশ যুক্ত হলে এবং লোহিত সাগর থেকে হামলা চালানো হলে তারা সামরিকভাবে হস্তক্ষেপ করবে। সেই হুঁশিয়ারির একদিন পরই আনুষ্ঠানিকভাবে যুদ্ধে প্রবেশ করল গোষ্ঠীটি।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, হুতিদের এই পদক্ষেপে আঞ্চলিক সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। গোষ্ঠীটি ইয়েমেনের বাইরে দূরপাল্লার হামলা চালাতে সক্ষম এবং লোহিত সাগর অঞ্চলে জাহাজ চলাচলেও বিঘ্ন ঘটাতে পারে।

এর আগে লেবানন ও ইরাকে অবস্থানরত ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোও ইতোমধ্যে সংঘাতে জড়িয়ে পড়েছে। সর্বশেষ হুতিদের অংশগ্রহণের মাধ্যমে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরু হলেও এতদিন আনুষ্ঠানিকভাবে এতে অংশ নেয়নি হুতিরা। তবে তারা ইয়েমেনের এমন কিছু গুরুত্বপূর্ণ এলাকা নিয়ন্ত্রণ করে, যেখান থেকে লোহিত সাগরের কৌশলগত জাহাজ চলাচল প্রভাবিত করা সম্ভব।

এদিকে হুতি নেতৃত্ব জানিয়েছে, তারা লোহিত সাগরকে ইরান বা অন্য কোনো মুসলিম দেশের বিরুদ্ধে সামরিক হামলার জন্য ব্যবহার করতে দেবে না।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top