আমাকে নতি স্বীকার করাতে বুশরা বিবিকে ‘অমানুষিক’ নির্যাতন করা হচ্ছে: ইমরান খান
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৬, ১৫:৫০
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান অভিযোগ করেছেন, তাকে বিচার বিভাগের কাছে নতি স্বীকার করাতে তার স্ত্রী বুশরা বিবিকে কারাগারে সম্পূর্ণ বিচ্ছিন্ন রেখে অমানুষিক নির্যাতন করা হচ্ছে।
বুধবার (১৫ এপ্রিল) তার বোন আলিমা খানম সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় দাবি করেন, ইমরান খান ও বুশরা বিবিকে অত্যন্ত নিষ্ঠুর পরিস্থিতিতে নির্জন কারাবাসে রাখা হয়েছে।
তিনি বলেন, এই অবস্থার জন্য বিচার বিভাগ দায়ী। ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি ইচ্ছাকৃতভাবে তাদের জামিন শুনানি স্থগিত রাখছেন, যাতে তাদের কারাবাস দীর্ঘায়িত হয়।
ইমরান খানের আইনজীবীর বরাত দিয়ে আলিমা খানম জানান, বুশরা বিবিকে দীর্ঘ সময় লোকচক্ষুর আড়ালে রেখে মানসিকভাবে ভেঙে ফেলার চেষ্টা চলছে। এর মাধ্যমে ইমরান খানকে সরকারের সঙ্গে সমঝোতায় যেতে বাধ্য করার পরিকল্পনা করা হচ্ছে। তবে ইমরান খান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি যেকোনো পরিস্থিতি সহ্য করতে প্রস্তুত, কিন্তু স্ত্রীকে ব্যবহার করে চাপ প্রয়োগের কৌশল সফল হবে না।
নিজ বার্তায় ইমরান খান বলেন, ‘কোনো সমঝোতা নয়, কোনো আত্মসমর্পণ নয়; হয় মুক্তি, নয় মৃত্যু।’
আলিমা খানম আরও অভিযোগ করেন, বর্তমান সরকার জনগণের রায় ছিনিয়ে ক্ষমতায় এসেছে এবং কিছু বিচারক সরাসরি সরকারকে সহায়তা করছেন।
এদিকে কারাগারে ইমরান খানের শারীরিক অবস্থা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে তার পরিবার। ৭৩ বছর বয়সী এই নেতা ২০২৩ সালের আগস্ট থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী রয়েছেন। সাম্প্রতিক তথ্যে জানা গেছে, তিনি ডান চোখের দৃষ্টিশক্তি প্রায় হারিয়ে ফেলেছেন এবং গত মাসে তার দীর্ঘমেয়াদি চিকিৎসা শুরু হয়েছে।
এর আগে তার দুই বোন অভিযোগ করেন, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও সেনাপ্রধান অসীম মুনির মিলে তাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার ষড়যন্ত্র করছেন। ইমরান খান নিজেও এ বিষয়ে অসীম মুনিরকে দায়ী করেছেন বলে জানা গেছে।
গত ঈদের সময় ছেলের সঙ্গে আলাপকালে ইমরান খান বুশরা বিবির ওপর চলমান অমানবিক আচরণ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন, বুশরা বিবিকে সপ্তাহে মাত্র ৩০ মিনিট তার সঙ্গে দেখা করার সুযোগ দেওয়া হয়, অনেক সময় সেটিও বন্ধ রাখা হয়।
পিটিআই নেতাদের দাবি, ইমরান খানকে মানসিকভাবে দুর্বল করতেই তার স্ত্রীকে চাপের মাধ্যম হিসেবে ব্যবহার করা হচ্ছে। সূত্র: এনডিটিভি
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।