গুলশান কার্যালয়ে গভীর রাত পর্যন্ত ব্যস্ত সময় কাটালেন প্রধানমন্ত্রী
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৬, ১৩:৫১
রাজধানীর গুলশানে দলের রাজনৈতিক কার্যালয়ে গভীর রাত পর্যন্ত অফিসিয়াল কাজ করেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
গতকাল শনিবার দিবাগত রাত ৩টা পর্যন্ত তিনি কার্যালয়ে অবস্থান করে দলীয় গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালনা করেন বলে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি।
এ সময় কার্যালয়ে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, ইকবাল হাসান মাহমুদ টুকু, ডা. এ জেড এম জাহিদ হোসেন ও সেলিমা রহমান। এছাড়া দলের অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
দলীয় সূত্র জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন ফরম জমা দেওয়া প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ কার্যক্রম পরিচালনা করছিলেন তারেক রহমান। শনিবার বিকেল থেকে শুরু হওয়া এই সাক্ষাৎকার ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগের প্রার্থীদের নিয়ে রাত পর্যন্ত চলে।
দলীয় নেতারা জানান, নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের যাচাই-বাছাই ও মনোনয়ন প্রক্রিয়া চূড়ান্ত করার অংশ হিসেবেই এই দীর্ঘ সময় ধরে কার্যক্রম চালানো হয়।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।