ইরান উপকূলে ১০ হাজার সেনা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৩২
যুক্তরাষ্ট্র সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানের উপকূলের কাছাকাছি ১০ হাজারের বেশি সেনা মোতায়েন করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) এ তথ্য প্রকাশ করে আল জাজিরা।
খবরে বলা হয়, এসব সেনার মধ্যে নৌবাহিনী, মেরিন এবং বিমানবাহিনীর সদস্যরা রয়েছেন। তারা ইরানের বন্দর ও উপকূলীয় এলাকায় প্রবেশ বা প্রস্থানকারী জাহাজের ওপর নজরদারি ও অবরোধ কার্যকর করছে বলে দাবি করা হয়েছে। সেন্টকম একটি বিমানবাহী রণতরী থেকে তোলা ছবিও প্রকাশ করেছে, যা এই অভিযানের অংশ হিসেবে দেখানো হচ্ছে।
এই পরিস্থিতির মধ্যেই হরমুজ প্রণালি নিয়ে নতুন ঘোষণা এসেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, নির্দিষ্ট যুদ্ধবিরতি পরিস্থিতিতে প্রণালিটি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। ফলে গুরুত্বপূর্ণ এই জলপথে জাহাজ চলাচল কিছুটা স্বাভাবিক হচ্ছে।
তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান প্রণালি খুলে দিলেও নৌ-অবরোধ পুরোপুরি অব্যাহত থাকবে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, প্রণালিটি চলাচলের জন্য উন্মুক্ত হলেও সামগ্রিক পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে রয়েছে।
বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই হরমুজ প্রণালি ঘিরে এমন সামরিক ও কূটনৈতিক উত্তেজনা আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও নৌপথ নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।