শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

ইরানের পর নতুন শত্রু খুঁজছে ইসরায়েল, তালিকায় শীর্ষে পাকিস্তান–তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৬, ১৫:৪৩

ছবি: সংগৃহীত

ইরানের পর ইসরায়েলের পরবর্তী প্রধান প্রতিপক্ষ কে হতে পারে এ প্রশ্ন ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও বিশ্লেষণ শুরু হয়েছে। সাম্প্রতিক পরিস্থিতিতে পাকিস্তান ও তুরস্ককে সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হচ্ছে বলে বিভিন্ন মহলে গুঞ্জন ছড়িয়েছে।

ইসরায়েলি বিশ্লেষক বোয়াজ গোলানি এক নিবন্ধে মধ্যপ্রাচ্যের পরিবর্তনশীল পরিস্থিতির কথা তুলে ধরে বলেন, দীর্ঘদিন ধরে ইরান ইসরায়েলের প্রধান শত্রু হিসেবে থাকলেও সাম্প্রতিক যুদ্ধ ও অর্থনৈতিক সংকটে দেশটির সামরিক সক্ষমতা দুর্বল হয়ে পড়েছে। এতে করে অঞ্চলটিতে একটি নতুন শক্তির উত্থানের সুযোগ তৈরি হয়েছে।

তিনি উল্লেখ করেন, ইরানের স্থানে নতুন প্রতিদ্বন্দ্বী হিসেবে তুরস্ক ও পাকিস্তানকে এগিয়ে রাখা হচ্ছে। তার ভাষ্য অনুযায়ী, এই দুই দেশই বড় শক্তিধর, মুসলিম সংখ্যাগরিষ্ঠ এবং সামরিক শক্তির ওপর নির্ভরশীল শাসনব্যবস্থা রয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সম্পর্কও ভালো, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

এদিকে, গত এক সপ্তাহে ইসরায়েল ও তুরস্কের মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। গাজা ইস্যু ও সিরিয়ায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ চলছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের বিরুদ্ধে কঠোর অভিযোগ তুলেছেন।

অন্যদিকে, পাকিস্তান সরাসরি সংঘাতে না জড়ালেও ইসরায়েলের কর্মকাণ্ডের কড়া সমালোচনা করেছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রীর সাম্প্রতিক মন্তব্য দুই দেশের মধ্যে আদর্শিক দূরত্বকে আরও স্পষ্ট করেছে বলে বিশ্লেষকদের ধারণা।

বিশ্লেষকরা মনে করছেন, ইরানকে ঘিরে সংঘাতের পরবর্তী সময়ে মধ্যপ্রাচ্যে নতুন করে শক্তির ভারসাম্য তৈরি হতে পারে, যেখানে পাকিস্তান বা তুরস্কের সঙ্গে ইসরায়েলের উত্তেজনা বাড়ার আশঙ্কা রয়েছে।

নিবন্ধে সতর্ক করে বলা হয়েছে, ভবিষ্যতে সম্ভাব্য যেকোনো সংঘাতের জন্য ইসরায়েলকে প্রস্তুত থাকতে হবে এবং এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সম্পর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তথ্যসূত্র: মিডল ইস্ট আই

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top