ব্ল্যাকমেইলের ফাঁদে ফেলে গুপ্তচরবৃত্তি, পাকিস্তানে গ্রেপ্তার ‘র’ এজেন্ট
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৬, ২১:৫৩
সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁদ পেতে ব্ল্যাকমেইলের মাধ্যমে গুপ্তচরবৃত্তিতে জড়ানোর অভিযোগে আজাদ জম্মু ও কাশ্মীর থেকে এক সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি, তাকে বিদেশি গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করতে বাধ্য করা হয়েছিল।
স্থানীয় সূত্র জানায়, রাওয়ালাকোট এলাকা থেকে আটক ওই ব্যক্তিকে প্রথমে সাধারণ তথ্য আদান-প্রদানের কাজে ব্যবহার করা হয়। পরে ধাপে ধাপে তাকে সংবেদনশীল দায়িত্বে যুক্ত করা হয়। এর মধ্যে গুরুত্বপূর্ণ স্থাপনার অবস্থান নির্ধারণ, স্থানাঙ্ক শেয়ার এবং সামরিক স্থাপনা, শিক্ষা প্রতিষ্ঠান, সেতু ও সরকারি ভবনের ভিডিও ধারণ করে পাঠানোর মতো কাজও ছিল।
আজাদ কাশ্মীর পুলিশের মহাপরিদর্শক লিয়াকত আলি মালিক বলেন, ব্ল্যাকমেইলের শিকার হয়ে ওই ব্যক্তি বিদেশি গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করছিলেন বলে অভিযোগ রয়েছে। তিনি জানান, একটি ভুয়া সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টের মাধ্যমে তার সঙ্গে যোগাযোগ করা হয় এবং ধীরে ধীরে তাকে ফাঁদে ফেলা হয়।
পুলিশের তথ্যমতে, এ ধরনের চক্র প্রথমে ভুয়া পরিচয়ে যোগাযোগ করে এবং নানা প্রলোভন দেখিয়ে নির্দিষ্ট ব্যক্তিকে আকৃষ্ট করে। এরপর ক্ষতিকর অ্যাপ ব্যবহার করিয়ে ব্যক্তিগত তথ্য, ছবি ও ভিডিও সংগ্রহ করা হয়। পরে এসব তথ্য দিয়েই ব্ল্যাকমেইল করে বিভিন্ন সংবেদনশীল কাজ করানো হয়।
লিয়াকত আলি মালিক দাবি করেন, সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে পুরো নেটওয়ার্কটি উন্মোচন করা হয়েছে। তিনি বলেন, নিরীহ তরুণদের ফাঁদে ফেলে তাদের ব্যবহার করা হচ্ছে, যা দেশের নিরাপত্তার জন্য বড় হুমকি।
এদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এর আগেও অভিযোগ করেছিলেন, সামরিক উত্তেজনার পর প্রতিবেশী দেশটি প্রক্সি ব্যবহারের মাধ্যমে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। তিনি সতর্ক করে বলেন, আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করতে হলে আগ্রাসী নীতি পরিহার করা জরুরি।
এর আগে পাঞ্জাব প্রদেশে সন্ত্রাসবিরোধী অভিযানে একাধিক সন্দেহভাজনকে আটক করা হয় বলে জানায় সংশ্লিষ্ট বিভাগ। পাশাপাশি গত বছর আরও একটি অভিযানে একটি গুপ্তচর নেটওয়ার্ক উন্মোচনের দাবিও করা হয়েছিল, যেখানে স্থানীয়দের ব্যবহার করে লক্ষ্যভিত্তিক হামলার অভিযোগ ওঠে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।