ইরানকে আর ছাড় নয়: ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৬, ১০:০৮

সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে কোনো সমঝোতা বা যুদ্ধবিরতি চালিয়ে যাওয়ার প্রশ্নে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তেহরানকে কোনো ধরনের ছাড় দেওয়ার বিষয়ে তার প্রশাসন ভাবছে না।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প দাবি করেন, ইরানের নেতৃত্বের ভেতরে গভীর বিভক্তি ও ক্ষমতার দ্বন্দ্ব চলছে। তার ভাষায়, দেশটির নেতারা নিজেদের মধ্যে লড়াইয়ে ব্যস্ত—কেউ নেতৃত্বের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে, আবার কেউ নেতৃত্ব এড়িয়ে চলার চেষ্টায় রয়েছে। তিনি আরও বলেন, ইতোমধ্যে ইরানের শীর্ষ পর্যায়ের নেতৃত্ব কাঠামো দুর্বল হয়ে পড়েছে।

ইরান-এর সঙ্গে আলোচনা চালু থাকলেও ট্রাম্প পরিষ্কার করে দেন, কোনো শর্তহীন চুক্তি হবে না। তার দাবি, পাকিস্তান সফর বাতিলের ঘোষণার অল্প সময়ের মধ্যেই তেহরান নতুন একটি প্রস্তাব পাঠিয়েছে, যা আগের তুলনায় উন্নত। তবে যুক্তরাষ্ট্রের মূল শর্ত অপরিবর্তিত—ইরানকে অবশ্যই পারমাণবিক অস্ত্র কর্মসূচি ত্যাগ করতে হবে।

যুদ্ধবিরতি প্রসঙ্গে ট্রাম্পের মন্তব্য ছিল তুলনামূলকভাবে উদাসীন। তিনি বলেন, বিষয়টি নিয়ে তিনি এখনও গুরুত্ব দিয়ে ভাবেননি। তার এই বক্তব্য থেকে বোঝা যায়, বর্তমান পরিস্থিতিতে ওয়াশিংটন নিজেকে প্রভাবশালী অবস্থানে মনে করছে।

প্রেসিডেন্ট আরও বলেন, “সব তাস এখন আমাদের হাতে, আমরা এগিয়ে আছি।” বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এমন অনমনীয় অবস্থান মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতিকে নতুন করে উত্তেজনার দিকে ঠেলে দিতে পারে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top