নৈশভোজের সময় গুলির শব্দ, সরিয়ে নেয়া হলো ট্রাম্পকে
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৬, ১০:১১
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর উপস্থিতিতে অনুষ্ঠিত এক নৈশভোজে হঠাৎ গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তা ঝুঁকি এড়াতে তাৎক্ষণিকভাবে তাকে এবং মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্যদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
স্থানীয় সময় শনিবার (২৫ এপ্রিল) রাতে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারের সময় এ ঘটনা ঘটে। অনুষ্ঠানে প্রশাসনের শীর্ষ কর্মকর্তা ও বহু অতিথি উপস্থিত ছিলেন।
হঠাৎ বিকট শব্দ ও গুলির আওয়াজ শোনার পরপরই ভেন্যুতে বিশৃঙ্খলা তৈরি হয়। আতঙ্কিত অতিথিরা দ্রুত আশ্রয় নেওয়ার চেষ্টা করেন। এ সময় নিরাপত্তা বাহিনী দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং উপস্থিত সবার সুরক্ষা নিশ্চিত করে।
সংবাদমাধ্যম সিএনএন-এর বরাতে জানা যায়, ঘটনার সময় ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স-সহ মন্ত্রিসভার সদস্যদের দ্রুত সরিয়ে নেয় ইউনাইটেড স্টেটস সিক্রেট সার্ভিস।
সূত্র জানায়, প্রেসিডেন্ট ট্রাম্প নিরাপদ রয়েছেন এবং অন্য কর্মকর্তারাও সুস্থ আছেন। ওয়াশিংটন হিলটন হোটেলে আয়োজিত এ নৈশভোজে উপস্থিত অবস্থায়ই নিরাপত্তা সতর্কতা জারি করা হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, সিক্রেট সার্ভিসের সদস্যরা ‘গুলি চলছে’ বলে সতর্ক করে দ্রুত সবাইকে নিচু হয়ে আশ্রয় নিতে বলেন।
ঘটনার একটি ভিডিওতে দেখা গেছে, ট্রাম্পসহ উপস্থিত অনেকেই টেবিলের আড়ালে অবস্থান নিচ্ছেন। পরে সশস্ত্র নিরাপত্তা সদস্যরা পুরো এলাকা ঘিরে ফেলে।
উইজিয়া জিয়াং জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর অনুষ্ঠান পুনরায় শুরু করা হবে এবং বিস্তারিত তথ্য শিগগির জানানো হবে।
তবে এখনো পর্যন্ত গুলির ঘটনার কারণ বা কোনো হতাহতের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি তদন্ত করছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।