বৃহঃস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

বাসে জরুরি বহির্গমনে জানালার রড অপসারণের নির্দেশ

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৬, ২০:৫৩

ছবি: সংগৃহীত

গণপরিবহণে দুর্ঘটনায় হতাহতের সংখ্যা কমাতে বাসে জরুরি বহির্গমন পথ নিশ্চিত করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ। একই সঙ্গে নন-এসি বাসের জানালায় থাকা স্টেইনলেস স্টিলের রড অপসারণের নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, দুর্ঘটনার সময় দ্রুত বাস থেকে বের হতে না পারাই প্রাণহানির অন্যতম প্রধান কারণ। এ সমস্যা সমাধানে যাত্রীদের দ্রুত ও নিরাপদে বের হওয়ার সুযোগ নিশ্চিত করতেই এ নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ারও সতর্কতা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সড়ক, মহাসড়ক, ফেরিঘাট কিংবা রেলক্রসিং পারাপারের সময় দুর্ঘটনা ঘটলে বাসের দরজা ও জানালা দিয়ে বের হতে গিয়ে যাত্রীরা নানা প্রতিবন্ধকতার মুখে পড়েন। বিশেষ করে দরজা আটকে যাওয়া বা জানালা সংকীর্ণ হওয়ার কারণে অনেক সময় বের হওয়া সম্ভব হয় না।

এসি বাসের ক্ষেত্রে দৃশ্যমান স্থানে জরুরি দরজার চিহ্ন রাখতে হবে এবং জানালার কাচ ভাঙার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম রাখতে বলা হয়েছে, যাতে দুর্ঘটনার সময় যাত্রীরা বিকল্প পথে দ্রুত বের হতে পারেন।

অন্যদিকে, নন-এসি বাসের জানালায় পর্দা লাগানোর জন্য ব্যবহৃত সমান্তরাল স্টেইনলেস স্টিলের রডকে ঝুঁকিপূর্ণ হিসেবে উল্লেখ করে তা অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। এসব রড থাকলে জরুরি পরিস্থিতিতে যাত্রীদের বের হওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে বলে জানানো হয়।

সংস্থাটি আশা প্রকাশ করেছে, এসব নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন হলে দুর্ঘটনার সময় যাত্রীদের দ্রুত সরিয়ে নেওয়া সম্ভব হবে এবং প্রাণহানির ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top