হরমুজ সংকটে বৈশ্বিক সার সরবরাহে ধস,বিশ্বজুড়ে ভয়াবহ খাদ্য সংকটের আশঙ্কা
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৩ মে ২০২৬, ১০:০৪
মধ্যপ্রাচ্যের উত্তেজনার জেরে হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে পড়ায় বিশ্বজুড়ে রাসায়নিক সারের সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ইরান, ইসরাইল ও মার্কিন যুক্তরাষ্ট্রকে ঘিরে চলমান অস্থিরতার প্রভাবে আন্তর্জাতিক সারের চালান প্রায় স্থবির হয়ে পড়েছে।
বিশ্লেষকদের মতে, এই সংকট দীর্ঘায়িত হলে বিশ্ববাজারে সারের তীব্র ঘাটতি তৈরি হবে এবং দাম অস্বাভাবিক হারে বাড়তে পারে। এতে বৈশ্বিক খাদ্য উৎপাদনে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। এমনকি ফসল উৎপাদন প্রায় ৩০ শতাংশ পর্যন্ত কমে যাওয়ার ঝুঁকিও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)-এর প্রধান অর্থনীতিবিদ ম্যাক্সিমো টোরেও জানিয়েছেন, সারের ঘাটতি ইতোমধ্যেই বিভিন্ন দেশে চাষাবাদের সময়সূচিকে ব্যাহত করছে। বিশেষ করে এশিয়ার কিছু দেশে বপনের উপযুক্ত সময় পার হয়ে গেলেও প্রয়োজনীয় সার না পাওয়ায় কৃষকরা পিছিয়ে পড়ছেন।
তিনি আরও বলেন, এই পরিস্থিতিতে প্রধান খাদ্যশস্য উৎপাদনকারী দেশগুলো তাদের কৃষি কৌশলে পরিবর্তন আনতে পারে। গম ও ভুট্টার পরিবর্তে সয়াবিনের মতো ফসলের দিকে ঝোঁক বাড়তে পারে, যা মাটির উর্বরতা ধরে রাখতে সহায়ক।
এদিকে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিও নতুন উদ্বেগ তৈরি করেছে। কৃষকরা খাদ্যশস্যের বদলে বায়োফুয়েল উৎপাদনে ফসল ব্যবহার করতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে বিশ্ববাজারে গম ও সয়াবিনের দাম বাড়তে শুরু করেছে, যা আগামী বছর আরও ঊর্ধ্বমুখী হতে পারে।
বিশেষজ্ঞদের সতর্কবার্তা, সারের সংকট ও জ্বালানি দামের ঊর্ধ্বগতির সম্মিলিত প্রভাবে বৈশ্বিক খাদ্য মূল্যস্ফীতি বিপজ্জনক পর্যায়ে পৌঁছাতে পারে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।