শনিবার, ২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩

মুম্বাইয়ে এক পরিবারের চার সদস্যের রহস্যজনক মৃত্যু তরমুজ নয়, মিলছে ভিন্ন ইঙ্গিত

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২ মে ২০২৬, ০৮:৫৮

সংগৃহীত

মুম্বাইয়ে একই পরিবারের চার সদস্যের আকস্মিক মৃত্যু ঘিরে তৈরি হয়েছে গভীর রহস্য। প্রথমে ‘বিষাক্ত তরমুজ’ খাওয়ার গুজব ছড়ালেও তদন্তে উঠে আসছে ভিন্ন তথ্য, যা ঘটনাটিকে আরও জটিল করে তুলেছে।

গত শনিবার রাতে স্থানীয় ব্যবসায়ী আবদুল্লাহ দোখাডিয়া তার পরিবার ও আত্মীয়দের সঙ্গে নৈশভোজে অংশ নেন। রাতের খাবার শেষে অতিথিরা চলে গেলে, রাত প্রায় ১টার দিকে পরিবারের সদস্যরা তরমুজ খান। তবে ভোর ৫টার দিকে হঠাৎ করে সবাই বমি ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। অল্প সময়ের ব্যবধানে মারা যান আবদুল্লাহ, তার স্ত্রী নাসরিন এবং তাদের দুই কিশোরী কন্যা জয়নাব ও আয়েশা।

প্রাথমিক ফরেনসিক পরীক্ষায় চিকিৎসকরা অস্বাভাবিক কিছু লক্ষণ দেখতে পান। মৃতদের মস্তিষ্ক, হৃদযন্ত্র এবং অন্ত্রসহ কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্গ সবুজাভ হয়ে গেছে, যা সাধারণ খাদ্যে বিষক্রিয়ার ক্ষেত্রে দেখা যায় না।

তদন্তে নতুন মোড় নেয় যখন আবদুল্লাহর শরীরে মরফিনের উপস্থিতি শনাক্ত করা হয়। শক্তিশালী এই ব্যথানাশক তার শরীরে কীভাবে প্রবেশ করল—তা এখনো স্পষ্ট নয়। এটি চিকিৎসাজনিত কারণ, দুর্ঘটনা নাকি পরিকল্পিত কোনো অপরাধ—সব সম্ভাবনাই খতিয়ে দেখছে পুলিশ।

খাদ্য ও ওষুধ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, তরমুজের সঙ্গে মৃত্যুর সরাসরি কোনো সম্পর্ক এখনো পাওয়া যায়নি। এছাড়া ওই রাতে খাওয়া মাটন পোলাও থেকেও তাৎক্ষণিক কোনো সমস্যা দেখা যায়নি।

মৃতদের ভিসেরা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে, এবং রিপোর্ট না পাওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলতে নারাজ তদন্তকারীরা। পাশাপাশি পারিবারিক, মানসিক ও ব্যবসায়িক শত্রুতার দিকগুলোও খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনাটি ঘিরে এলাকায় আতঙ্ক ও কৌতূহল ছড়িয়ে পড়েছে, আর এই রহস্যজনক মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের অপেক্ষায় রয়েছে সবাই।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top