সোমবার, ৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২

ইবির নেতৃত্বে গুচ্ছের ১৯ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ

ইবি প্রতিনিধি | প্রকাশিত: ৯ মার্চ ২০২৬, ১১:৩৭

ছবি: সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে ২০২৫–২৬ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ১৯টি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ২৭ মার্চ থেকে শুরু হয়ে ১১ এপ্রিল পর্যন্ত বিভিন্ন ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শনিবার (৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার (শিক্ষা) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সময়সূচি প্রকাশ করা হয়।

ছবি: বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গুচ্ছভুক্ত ইউনিটগুলোর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের পরীক্ষাও আলাদা দিনে অনুষ্ঠিত হবে।

প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ২৭ মার্চ সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ‘সি’ ইউনিটের (বাণিজ্য) পরীক্ষার মাধ্যমে ভর্তি পরীক্ষা শুরু হবে। এরপর ৩ এপ্রিল একই সময়ে ‘বি’ ইউনিটের (মানবিক) পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে ১০ এপ্রিল সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।

সবশেষে ১১ এপ্রিল দুটি পৃথক ধাপে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এদিন সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ব্যবস্থাপনায় স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের (ধর্মতত্ত্ব ও ইসলামি শিক্ষা) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই দিন বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত স্থাপত্য বিভাগের ব্যবহারিক অঙ্কন পরীক্ষা গ্রহণ করা হবে।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top