সোমবার, ৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২

টি–টোয়েন্টি ইতিহাসে নতুন রেকর্ড, তৃতীয় শিরোপা ভারতের

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৯ মার্চ ২০২৬, ১১:১৭

ছবি: সংগৃহীত

টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে আবারও বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে ভারত। রোববার রাতে অনুষ্ঠিত ফাইনালে কিউইদের ৯৬ রানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জেতে তারা। একই সঙ্গে টি–টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে প্রথম দল হিসেবে তিনবার চ্যাম্পিয়ন হওয়ার কীর্তিও গড়ে ভারত।

এর আগে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ দুটি করে শিরোপা জিতেছিল। আর একবার করে চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় নিউজিল্যান্ড। পাওয়ার প্লের ছয় ওভার শেষ হওয়ার আগেই তিন ব্যাটার ফিরে যান সাজঘরে। কিছুক্ষণ পর আরও একটি উইকেট হারায় দলটি। ফিন অ্যালেন করেন ৯ রান, রাচিন রবীন্দ্র ১, গ্লেন ফিলিপস ৫ ও মার্ক চ্যাপম্যান ৩ রান করে আউট হন।

দলের বিপর্যয়ের মাঝেও লড়াই চালিয়ে যান ওপেনার টিম সেইফার্ট। তিনি ২৬ বলে ৫২ রানের ঝড়ো ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল দুটি চার ও পাঁচটি ছক্কা। ড্যারেল মিচেল করেন ১৭ রান।

এরপর অধিনায়ক মিচেল স্যান্টনার কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তিনি ৩৫ বলে ৪৩ রান করেন। অন্যদের মধ্যে জেমস নিশাম ৮, ম্যাট হেনরি শূন্য, লকি ফার্গুসন ৬ ও জ্যাকব ডাফি ৩ রান করেন। নিয়মিত উইকেট হারাতে থাকায় শেষ পর্যন্ত বড় ব্যবধানে হারে নিউজিল্যান্ড।

এর আগে টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠান নিউজিল্যান্ড অধিনায়ক স্যান্টনার। ব্যাট করতে নেমে শুরুতে দেখে–শুনে খেললেও দ্রুতই আক্রমণাত্মক হয়ে ওঠেন দুই ওপেনার। চার ও ছক্কার বৃষ্টিতে প্রথম ছয় ওভারে বিনা উইকেটে ৯২ রান তোলে ভারত।

মাত্র ১৮ বলেই অর্ধশতক পূর্ণ করেন অভিষেক শর্মা। তিনি ২১ বলে ৫১ রান করে আউট হন।

দ্বিতীয় উইকেটে ইশান কিষাণকে নিয়ে ঝড় তোলেন সঞ্জু স্যামসন। ফিফটির পর শতকের পথে থাকলেও শেষ পর্যন্ত ৪৬ বলে ৮৯ রান করে আউট হন তিনি। তার ইনিংসে ছিল পাঁচটি চার ও আটটি ছক্কা।

ইশান কিষাণও অর্ধশতক তুলে নেন। তিনি ২৫ বলে ৫৪ রান করেন, যেখানে ছিল চারটি করে চার ও ছক্কা। অধিনায়ক সূর্যকুমার যাদব প্রথম বলেই আউট হন। হার্দিক পান্ডিয়া করেন ১৩ বলে ১৮ রান।

শেষদিকে ঝড়ো ব্যাটিং করেন শিবম দুবে। তিনি ৮ বলে ২৬ রান করে অপরাজিত থাকেন। তিলক ভার্মা ৬ বলে ৮ রান করে অপরাজিত ছিলেন।

নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে জেমস নিশাম তিনটি উইকেট নেন। এছাড়া ম্যাট হেনরি ও রাচিন রবীন্দ্র একটি করে উইকেট শিকার করেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top